রাজ্যের খবর

মদন মিত্রের কামারহাটির বাড়িতে পুলিশি হানা! তালা ভেঙে ঢুকলেন তদন্তকারীরা

প্রায় ঘণ্টাখানেক তল্লাশি চালানোর পর কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে ফের বাড়িটি তালাবন্ধ করে বেরিয়ে যায় পুলিশ

Truth of Bengal: রাজ্যে বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের হেভিওয়েট নেতা ও সাংসদদের ওপর একের পর এক হামলার ঘটনার মাঝেই এবার আইনি বিপাকে পড়লেন কামারহাটির বিদায়ী তৃণমূল বিধায়ক মদন মিত্র। রবিবার দুপুরে তাঁর কামারহাটির একটি বাড়িতে অতর্কিতে হানা দিল বিশাল পুলিশ বাহিনী। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (দক্ষিণ) দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে এই হাইপ্রোফাইল তল্লাশি অভিযান চালানো হয়। বাড়িটি তালাবন্ধ থাকায় শেষ পর্যন্ত তালা কেটেই ভেতরে ঢোকেন তদন্তকারীরা। প্রায় ঘণ্টাখানেক তল্লাশি চালানোর পর কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে ফের বাড়িটি তালাবন্ধ করে বেরিয়ে যায় পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বেলা ১টা নাগাদ ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ বাহিনী কামারহাটির ওই বাড়িটিতে পৌঁছায়, যার নাম ‘উদয় ভিলা’। স্থানীয় স্তরে এটি মদন মিত্রের বাড়ি এবং কামারহাটির তৃণমূল বিধায়কের একটি অস্থায়ী দলীয় কার্যালয় হিসেবেই পরিচিত।

পুলিশ যখন সেখানে পৌঁছায়, তখন বাড়িটি সম্পূর্ণ জনশূন্য এবং তালাবন্ধ ছিল। মদন মিত্র বা তাঁর পরিবারের কোনও সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। এর পরই শীর্ষ পুলিশ আধিকারিকদের নির্দেশে তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। প্রায় এক ঘণ্টা ধরে বাড়ির প্রতিটি কোণ তল্লাশি করা হয় এবং বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।প্রাথমিকভাবে জানা গিয়েছে, কোনও রাজনৈতিক হিংসা নয়, বরং একটি ল্যান্ড গ্র্যাবিং বা বেআইনি জমি দখলের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান। যে জমির ওপর এই ‘উদয় ভিলা’ বহুতলটি গড়ে উঠেছে, সেটি আসলে একটি কেন্দ্রীয় সরকারি সংস্থার মালিকানাধীন জমি।

অভিযোগ উঠেছে, সম্পূর্ণ বেআইনিভাবে নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রীয় সংস্থার জমি দখল করে এই আবাসন ও অফিস তৈরি করা হয়েছিল। মদন মিত্র নিজেই এই বাড়ির প্রকৃত মালিক নাকি অন্য কারও জমিতে তাঁর এই কার্যালয় চলছিল— তা খতিয়ে দেখতেই এই তল্লাশি এবং নথি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া। শনিবারই সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ডিম-জুতো হামলা এবং রবিবার চণ্ডীতলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথা ফেটে যাওয়ার ঘটনার পর, একই দিনে মদন মিত্রের কার্যালয়ে পুলিশের এই ‘তালা ভাঙা’ অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর যেভাবে একের পর এক তৃণমূল নেতার বেআইনি নির্মাণ ও নথির ওপর পুলিশি সক্রিয়তা বাড়ছে, এই ঘটনা তারই একটি বড় প্রমাণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই তল্লাশি অভিযান নিয়ে এখনও পর্যন্ত মদন মিত্র বা তৃণমূল শীর্ষ নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles