রাজ্যের খবর

কয়লা খনি সম্প্রসারণে উচ্ছেদ প্রক্রিয়া, গ্রামবাসীর সঙ্গে বিবাদ ইসিএল-এর

Expansion of coal mines

The Truth of Bengal: আবার বিতর্ক খনি এলাকায়। খোলামুখ কয়লা খনির সম্প্রসারণ নিয়ে গ্রামবাসীর সঙ্গে বিবাদ শুরু হয়েছে ইসিএলের। খনি কর্তৃপক্ষ জমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু করায় এলাকায় উত্তেজনা। আসানসোলের বারাবনি ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইটাপাড়া গ্রামের মানুষ পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। জানা গিয়েছে, ইসিএলের তরফে দায়িত্ব পাওয়া ভিনরাজ্যের একটি বেসরকারি কোম্পানি এলাকায় বেআইনি দখলদারমুক্ত করার কাজ শুরু করেছে। গত বৃহস্পতিবার ওই এলাকায় বেশ কয়েকটি বাড়ি ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বারাবনির পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ। তিনি সেদিন ওই কোম্পানির আধিকারিকদের সঙ্গে কথা বলে আপাতত উচ্ছেদ বন্ধ করতে বলেন। তাঁর বক্তব্য, আগে আলোচনা করে বিকল্প কোনও ব্যবস্থা করতে হবে। তারপর নিয়ম মেনে যা হওয়ার তাই হবে। ইসিএলের তরফে বলা হয়েছে, নিয়ম মেনে ওই জমি থেকে অবৈধ দখলদারদের সরে যেতে আগে নোটিশ দেওয়া হয়েছিল। সময়ের মধ্যে তাঁরা সরে না যাওয়ায় পদক্ষেপ করা হয়েছে। তবে আপাতত উচ্ছেদ বন্ধ রেখে পুনর্বাসন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ইসিএল আধিকারিক।

ইসিএলের সালানপুর এরিয়ায় বারাবনি ব্লকে ইটাপাড়ায় খোলামুখ কয়লাখনি রয়েছে। বর্তমানে সেই খনির সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রামবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সেখানে বাস করছেন তাঁরা। এখন উচ্ছেদ হলে তাঁরা কোথায় যাবেন? জোর করে ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলে ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। তবে উপযুক্ত পুনর্বাসন দিলে তাদের সরে যেতে কোনও অসুবিধা নেই বলে জানিয়েছে গ্রামবাসী। স্থানীয় প্রশাসন খনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটা সমাধানসূত্র বের করার চেষ্টায় আছে। আপাতত বন্ধ আছে উচ্ছেদ প্রক্রিয়া।

Related Articles