পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে পিটিয়ে খুন বউমা ও প্রেমিকের! প্রতিবেশীদের ফাঁসানোর ছক ভেস্তে দিল পুলিশ
খুন করেই ক্ষান্ত হননি, জমি বিবাদের সুযোগ নিয়ে প্রতিবেশীদের ফাঁসানোর ছক! সিটের জেরায় ভেঙে পড়ে খুনের কথা স্বীকার পুত্রবধূর
Truth of Bengal: পুত্রবধূকে তাঁর প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় এক বৃদ্ধাকে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বউমা ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। শুধু খুন করেই ক্ষান্ত হননি অভিযুক্ত যুবতী, তদন্তকারীদের বিভ্রান্ত করতে জমি বিবাদ থাকা প্রতিবেশীদের ঘাড়ে খুনের দোষ চাপিয়ে দেওয়ার ছকও কষেছিলেন তিনি। তবে শেষরক্ষা হয়নি; বিশেষ তদন্তকারী দল বা সিটের (SIT) জেরায় আসল সত্য সামনে আসতেই অভিযুক্ত মহিলা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়া জেলার টিকাপট্টি থানা এলাকার নন্দগোলা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম রমলা দেবী (৬৯)। গত ২৫ নভেম্বর বাড়িতে স্বামী না থাকার সুযোগ নিয়ে পুত্রবধূ গুড্ডি কুমারী তাঁর প্রেমিক ঋষি কুমারকে বাড়িতে ডেকে পাঠান। ওই দিন রাত আনুমানিক ৩টে নাগাদ রমলা দেবী দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন এবং তাঁদের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পরকীয়ার কথা জানাজানি হয়ে যাওয়ার আশঙ্কায় দু’জনে মিলে বৃদ্ধাকে খুনের পরিকল্পনা করে। পুলিশের দাবি, প্রথমে ভারী কোনও বস্তু দিয়ে বৃদ্ধার মাথায় সজোরে আঘাত করে প্রেমিক ঋষি, এবং এরপর কাঠ জাতীয় বস্তু দিয়ে বারবার আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রমলা দেবীর।
খুনের দায় এড়াতে এরপর নতুন নাটক সাজান গুড্ডি। মৃতার ছেলে বাড়ি ফিরলে গুড্ডি দাবি করেন, জমি বিবাদ থাকা প্রতিবেশীরাই তাঁর মাকে খুন করেছেন। স্ত্রীর কথা বিশ্বাস করে প্রতিবেশীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার ছেলে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রতিবেশীদের গ্রেফতারও করে। কিন্তু তদন্তে নেমে প্রতিবেশীদের বিরুদ্ধে কোনো জোরালো সূত্র না মেলায় সন্দেহ হয় পুলিশের।
পরবর্তীতে ঘটনার কিনারা করতে সিট গঠন করা হয় এবং পুত্রবধূ গুড্ডিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। পুলিশের দাবি, লাগাতার জেরার মুখে ভেঙে পড়ে গুড্ডি ও তাঁর প্রেমিক ঋষি বৃদ্ধাকে খুনের কথা স্বীকার করে নিয়েছেন। দু’জনকেই গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এই ঘটনায় প্রতিবেশীদের আদৌ কোনো ভূমিকা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।






