বিসলেরির পানীয় জলে মারাত্মক রাসায়নিক! ‘অনিরাপদ’ ঘোষণা করল FSSAI
পরীক্ষায় সেই জলে নির্ধারিত মাত্রার তুলনায় অনেক বেশি পরিমাণে ব্রোমেট পাওয়া যায়
Truth of Bengal: দেশের অন্যতম জনপ্রিয় বোতলজাত পানীয় জলের ব্র্যান্ড বিসলেরিকে ঘিরে বড়সড় বিতর্ক। সংস্থার পানীয় জলে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকের উপস্থিতি মিলেছে বলে দাবি করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। পরপর দু’টি পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারেনি বিসলেরির জল। এরপরই সংশ্লিষ্ট পানীয় জলকে ‘অনিরাপদ’ ঘোষণা করার পাশাপাশি সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় খাদ্য নিয়ামক সংস্থা। রবিবার সোশাল মিডিয়ায় এই তথ্য প্রকাশ্যে আসে।
FSSAI সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের একটি উৎপাদন কেন্দ্র থেকে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা। পরীক্ষায় সেই জলে নির্ধারিত মাত্রার তুলনায় অনেক বেশি পরিমাণে ব্রোমেট পাওয়া যায়। জল পরিশোধনের সময় ওজোনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে ব্রোমেট তৈরি হতে পারে। পানীয় জলে এর সর্বোচ্চ অনুমোদিত মাত্রা প্রতি লিটারে ০.০১ মিলিগ্রাম। পরীক্ষায় নির্ধারিত সীমার অতিরিক্ত ব্রোমেটের উপস্থিতি ধরা পড়ায় জলকে অনিরাপদ ঘোষণা করে FSSAI। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে বিসলেরি কর্তৃপক্ষ। এরপর নমুনা পাঠানো হয় রেফারেল ফুড ল্যাবরেটরিতে। সেখানকার পরীক্ষাতেও সংস্থার জলে বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি ধরা পড়ে। রিপোর্টে পাওয়া যায় পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (PAHs)। ব্রোমেটের পাশাপাশি এই রাসায়নিকগুলিও ক্যানসারের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।
দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট সামনে আসার পর সংশ্লিষ্ট পানীয় জলকে ফের অনিরাপদ ঘোষণা করে FSSAI। পাশাপাশি আইন অনুযায়ী বিসলেরির বিরুদ্ধে মামলা শুরু করার অনুমতিও দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে বিসলেরি কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। উল্লেখ্য, সংস্থার দাবি, তাদের প্রতিটি বোতলজাত জল ১০টি ধাপে পরিশোধন করা হয় এবং ৯০টি পৃথক মান পরীক্ষার মধ্য দিয়ে যায়। সেই দাবির মধ্যেই পরীক্ষাগারের রিপোর্ট ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে বোতলজাত পানীয় জলের গুণমান ও খাদ্য নিরাপত্তা নিয়ে।






