ফুসফুসে জমেছে লালারস, ব্যাহত অক্সিজেন সরবরাহ! এখনও বিপন্মুক্ত নন বিজেপি বিধায়ক রেখা পাত্র
নতুন করে অবস্থার অবনতি না হলেও তাঁকে এখনও বিপন্মুক্ত ঘোষণা করেননি চিকিৎসকেরা
Truth of Bengal: হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শারীরিক অবস্থার এখনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। নতুন করে অবস্থার অবনতি না হলেও তাঁকে এখনও বিপন্মুক্ত ঘোষণা করেননি চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, বিষক্রিয়ার জেরে তাঁর মুখের ভিতরে অতিরিক্ত লালারস জমে গিয়েছিল। পুরোপুরি সচেতন না থাকায় সেই লালারস ফুসফুসে প্রবেশ করে অক্সিজেন সরবরাহে বাধা তৈরি করছে। সিটি স্ক্যানে এই সমস্যা ধরা পড়েছে। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, রেখার রক্তচাপ, ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। তবে রক্তে পটাশিয়ামের পরিমাণ বেশি। তা স্বাভাবিক মাত্রায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বিজেপি বিধায়ক।
পরিবারের দাবি, শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়। প্রায় চার ঘণ্টা চিকিৎসার পর অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। বসিরহাট হাসপাতালের রেফারেল কার্ডে উল্লেখ রয়েছে, রোগীর পেটে বিষাক্ত ‘হার্বাল লার্ভিসাইড’ বা ভেষজ কীটনাশক প্রবেশ করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। সেই সময় তাঁর রক্তচাপ ছিল ১২৪/৭০ এবং নাড়ির স্পন্দন প্রতি মিনিটে ১১০। মিনিটে চার লিটার অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। চিকিৎসকদের নথি অনুযায়ী, তিনি ঝিমিয়ে পড়েছিলেন এবং ডাকলেও ঠিকমতো সাড়া দিচ্ছিলেন না।
রবিবার সকালে তাঁর অবস্থা সঙ্কটজনক থাকলেও পরে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। তবে বিষক্রিয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়। নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন রেখা পাত্র। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে বিজেপি তাঁকে প্রার্থী করলেও জয় পাননি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন তিনি। সম্প্রতি জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেও আলোচনায় এসেছিলেন রেখা। তাঁর অসুস্থতার খবর সামনে আসার পর থেকেই দলের অন্দরে উদ্বেগ তৈরি হয়েছে।






