Truth of Bengal: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মাঝেই চরম অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। আইনত নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লিগের ডাকা দেশজুড়ে লকডাউন এবং আকস্মিক পুনরুত্থানে রীতিমতো কাঁপছে পদ্মাপাড়ের একাংশ। বিশেষ করে গোপালগঞ্জ জেলা কার্যত হাসিনা অনুগামীদের দখলে চলে গিয়েছে বলে অভিযোগ। মঙ্গল ও বুধবারের পর বৃহস্পতিবার সকালেও রামদা, চিনা কুড়োল ও লাঠিসোঁটা হাতে গোপালগঞ্জের রাস্তায় নেমে তাণ্ডব চালায় কয়েক হাজার আওয়ামী লিগ ও নিষিদ্ধ ছাত্রলিগ নেতা-কর্মী। প্রশাসনের এই নিষ্ক্রিয়তায় চরম হতাশ শাসক দলের নেতারাই আক্ষেপ করে বলছেন, প্রশাসনিক অপদার্থতায় গোপালগঞ্জ এখন ‘স্বাধীন গোপালগঞ্জে’ পরিণত হয়েছে।
অন্যদিকে, পরিস্থিতি নিয়ে শঙ্কিত জামাতও শাসক দলের ব্যর্থতার দিকে আঙুল তুলেছে। এই উত্তাল আবহেই এক জনসভা থেকে হাসিনা ও আওয়ামী লিগকে নিশানা করে তারেক রহমান বলেন, “প্রভুকে খুশি করতে ওরা দেশের মানুষের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে।”
বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আওয়ামী লিগের এই ব্যাপক তাণ্ডবের জেরে গোপালগঞ্জে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিপদ এড়াতে গোপালগঞ্জ হয়ে খুলনামুখী ট্রেনও বন্ধ রাখা হয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকেই দেশীয় অস্ত্র হাতে শহরের রাস্তায় মহড়া দেয় নিষিদ্ধ ছাত্রলিগ এবং একটি হাসপাতালে ভাঙচুর চালিয়ে আগুন লাগানোর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
এরপর বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভয়াবহ হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, যাতে পুলিশের গাড়ি-সহ অন্তত ১০টি গাড়ি ভস্মীভূত হয়েছে। ঘটনার আগেই পুলিশ কর্মীরা থানা ছেড়ে সরে যান। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, জ্বলন্ত থানার সামনে দাঁড়িয়ে আওয়ামী কর্মীরা সেলফি তুলছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন, “দে দে, জয় বাংলা করে দে… এই যে মুকসুদপুর থানা!”
পাশাপাশি বৃহস্পতিবার দুপুর থেকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট ও কোর্ট এলাকায় বিশাল জমায়েত করে বিক্ষোভকারীরা। শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির প্রাক্তন সভাপতি এমএইচ খান মঞ্জুর বাড়ি, কাশিয়ানীতে সাংসদ সেলিমুজ্জামান মোল্লার বাড়ি ও কোটালীপাড়ায় বিএনপি নেতা অলিউর রহমান হাওলাদারের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। সব মিলিয়ে গোটা জেলায় চরম আতঙ্ক ও অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে।





