আদালত অবমাননার অভিযোগে অভিষেককে শোকজ হাইকোর্টের! ১৫ দিনের মধ্যে জবাব তলব
বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে জোর ধাক্কা! কেন আদালত অবমাননার রুল জারি হবে না? অভিষেককে প্রশ্ন কলকাতা হাইকোর্টের
Truth of Bengal: আদালত ও বিচারপতিদের নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কলকাতা হাইকোর্টে বড়সড় আইনি ধাক্কার মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার অভিযোগে তাঁকে শোকজ করেছে উচ্চ আদালত। হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে এই শোকজের লিখিত জবাব দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে আদালত সূত্রে খবর। এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী ৮ ডিসেম্বর।
ঘটনার সূত্রপাত হয়েছিল গত ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা একটি সোশাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। ওই সময় তাঁর কালীঘাটের বাসভবনের সামনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের সন্দেহজনক আনাগোনা এবং বাড়ি লক্ষ্য করে ছোটখাটো হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
তবে সেই পোস্টেই তিনি দেশের বিচারব্যবস্থা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। পোস্টে কলকাতা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টকে ‘নীরব দর্শক’ বলে কটাক্ষ করেছিলেন অভিষেক। তাঁর এই মন্তব্যের অংশবিশেষ নিয়েই তীব্র আপত্তি তুলেছে উচ্চ আদালত।
বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই পোস্টের মাধ্যমে সরাসরি আদালত অবমাননা করা হয়েছে এবং বিচারব্যবস্থার মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে। সেই কারণেই কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে না, এই প্রশ্ন তুলে তাঁকে শোকজ নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে বেঞ্চ। আগামী ১৫ দিনের মধ্যে সাংসদকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে। বিষয়টি ঘিরে রাজ্য রাজনীতি ও আইনজীবী মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।






