বিয়ের কার্ডের পর এবার রেজিস্ট্রির তারিখ ফাঁস! প্রকাশ্যে মিমির বিয়ের দিনক্ষণ
বিয়ের কার্ডের পর এবার নতুন করে চর্চায় উঠে এসেছে রেজিস্ট্রি ম্যারেজের দিনক্ষণ
Truth of Bengal: টলিপাড়ায় এখন জোর চর্চার কেন্দ্রে অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে। সেপ্টেম্বর মাসে আচমকাই তাঁর বিয়ের খবর সামনে আসতেই কার্যত হইচই পড়ে গিয়েছিল বিনোদন জগতে। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আগামী ডিসেম্বর মাসে শীতের আমেজে পাহাড়ের কোলে বসতে চলেছে মিমির বিয়ের আসর। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেত্রীর বিয়ের নিমন্ত্রণপত্র। আর সেই কার্ডের অভিনব নকশা নজর কেড়েছে নেটিজেনদের। বিশেষ করে মিমির প্রিয় চারপেয়েদের উপস্থিতি কার্ডটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়। অনুরাগীদের মধ্যেও শুরু হয়েছে উচ্ছ্বাস। তবে বিয়ের কার্ডের পর এবার নতুন করে চর্চায় উঠে এসেছে রেজিস্ট্রি ম্যারেজের দিনক্ষণ।

টলিপাড়ার অন্দরের খবর, আগামী ২৬ নভেম্বর আইনিভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন মিমি চক্রবর্তী ও সিদ্ধার্থ। অর্থাৎ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা! যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেত্রী কিংবা তাঁর হবু জীবনসঙ্গী। ফলে বিয়ের খবর নিয়ে জল্পনা ক্রমশ বাড়লেও আনুষ্ঠানিক কোনও ঘোষণা সামনে আসেনি। এর আগে নভেম্বর মাসেই ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সারার কথা শোনা যাচ্ছিল। এবার নির্দিষ্ট তারিখ সামনে আসতেই নতুন করে সরগরম টলিপাড়া। শোনা যাচ্ছে, বিয়ের প্রস্তুতিও নাকি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোরকদমে। চলছে কেনাকাটা, পাশাপাশি অতিথিদের নিমন্ত্রণ জানানোর কাজও এগোচ্ছে। সম্প্রতি নামী ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরেও দেখা গিয়েছে মিমিকে। স্বাভাবিকভাবেই তাঁর এই উপস্থিতি ঘিরে বিয়ের সাজপোশাক নিয়ে কৌতূহল আরও বেড়েছে অনুরাগীদের। যদিও সেখানে ঠিক কী কেনাকাটা করেছেন অভিনেত্রী, তা নিয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য মেলেনি।

এদিকে, সম্প্রতি একটি পোষ্য ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মিমি। সেখানেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ ছিল না। বিয়ের প্রসঙ্গ উঠতেই জল্পনা আরও উসকে যায়। তবে বরাবরের মতোই বিষয়টি নিয়ে নীরব থেকেছেন অভিনেত্রী। ফলে ২৬ নভেম্বরের খবর কতটা সত্যি, তা জানতে এখন মিমির আনুষ্ঠানিক ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছেন ভক্তরা। প্রসঙ্গত, জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তীর বিনোদন জগতে পথচলা শুরু হয়েছিল মডেলিংয়ের হাত ধরে। তবে বাঙালি দর্শকের কাছে তাঁর পরিচিতি তৈরি হয় ২০১০ সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’-র হাত ধরে। সেখানে পুপে চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকদের মন জয় করেছিলেন তিনি। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ। পরবর্তীতে ‘বোঝে না সে বোঝে না’-র মতো ছবিতে অভিনয় করে নিজের আলাদা পরিচিতি তৈরি করেন মিমি। বাণিজ্যিক ছবির চেনা নায়িকার ছকের বাইরে গিয়ে তাঁর অভিনীত চরিত্রগুলিও দর্শকদের নজর কেড়েছিল।






