দেবাংশুর জীবনে নতুন ইনিংস! ফেসবুকে ‘এনগেজড’ স্ট্যাটাস
রাজনীতিতে কিছুটা নিষ্ক্রিয়তার মাঝেই এবার ব্যক্তিগত জীবনের সুখবর দিলেন তিনি।
Truth of Bengal: একসময় তৃণমূলের তরুণ নেতাদের মধ্যে অন্যতম পরিচিত মুখ ছিলেন দেবাংশু ভট্টাচার্য। ‘খেলা হবে’ স্লোগানের মাধ্যমে রাজ্য রাজনীতিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে রাজনৈতিক পালাবদলের পর থেকে সক্রিয় রাজনীতিতে তাঁকে অনেকটাই কম দেখা যাচ্ছে। দলীয় কর্মসূচি থেকে শুরু করে রাজনৈতিক সোশ্যাল মিডিয়া পোস্ট—সব ক্ষেত্রেই যেন কিছুটা আড়ালে চলে গিয়েছেন দেবাংশু।
রাজনীতিতে কিছুটা নিষ্ক্রিয়তার মাঝেই এবার ব্যক্তিগত জীবনের সুখবর দিলেন তিনি। রবিবার সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলের রিলেশনশিপ স্ট্যাটাস বদলে ‘এনগেজড’ করেছেন দেবাংশু। এরপরই তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেন অনুরাগী ও পরিচিতরা।
তবে সবচেয়ে বড় প্রশ্ন, কার সঙ্গে নতুন সম্পর্কে জড়ালেন দেবাংশু? পাত্রী কে, তা এখনও প্রকাশ্যে আনেননি তিনি। ফলে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল বেড়েছে নেটপাড়ায়।
এর আগে যুব তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরীর সঙ্গে দেবাংশুর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও দু’জনের কেউই কখনও সেই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। এবার ফেসবুকে ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার পর নতুন করে শুরু হয়েছে জল্পনা।


