হোয়াইট হাউসের নাকের ডগায় বন্দুকবাজের হামলা! গুলিতে নিহত ১, গুরুতর জখম ৪
পুলিশকে দেখেই নিজেকে গুলি বন্দুকবাজের! ওয়াশিংটন ডিসিতে হাড়হিম শুটআউট, চরম প্রশ্নের মুখে ট্রাম্পের নিরাপত্তা
Truth of Bengal: মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের অদূরেই ভয়াবহ বন্দুকবাজের হামলায় কেঁপে উঠল আমেরিকার রাজধানী। ওয়াশিংটন ডিসি-র অত্যন্ত গুরুত্বপূর্ণ লোগান সার্কেল এলাকায় এক বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে মোট পাঁচজন গুলিবিদ্ধ হন, যাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এদিকে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই সন্দেহভাজন বন্দুকধারী নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন। এই চাঞ্চল্যকর ঘটনার পর হোয়াইট হাউস এবং সংলগ্ন ভিভিআইপি অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওয়াশিংটন ডিসির ১৫তম স্ট্রিট ও পি স্ট্রিটের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি ফিটনেস সেন্টারের ভেতরে ও বাইরে এই গোলাগুলির ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, হামলাকারী প্রথমে ওই এলাকার ‘ভিডা ফিটনেস’ সেন্টারের ভেতরে গুলি চালায় এবং পরে রাস্তায় বেরিয়ে এসে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। ওই ব্যস্ত এলাকায় একটি চার্চ, আবাসন এবং একটি বড় সুপারমার্কেট থাকায় মুহূর্তের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ওয়াশিংটন ডিসি পুলিশ (MPD) এবং নিরাপত্তারক্ষীরা। পুলিশ পালটা ব্যবস্থা নিতেই সন্দেহভাজন হামলাকারী নিজেকে গুলি করে। ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশি অপারেশন শুরু হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ১৫তম স্ট্রিটের ১৫০০ ব্লকের আশপাশের সমস্ত রাস্তা সাধারণ মানুষের ও যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
ওয়াশিংটন ডিসি পুলিশ এক বিবৃতিতে একজন নিহত ও চারজনের আহত হওয়ার খবর নিশ্চিত করলেও, আহতদের শারীরিক অবস্থা ঠিক কেমন বা তাঁদের মধ্যে কেউ আশঙ্কাজনক কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। পাশাপাশি হামলাকারীর পরিচয় বা এই হামলার নেপথ্যে কোনো সন্ত্রাসবাদী যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
উল্লেখ্য, গত সোমবারই হোয়াইট হাউসের বিপরীতে লাফায়েট স্কোয়ারে একটি গাড়ি সাইনবোর্ডের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। সেই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই উপস্থিত থাকায় নিরাপত্তার খাতিরে গোটা এলাকা সাময়িকভাবে লকডাউন করা হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবারের এই রক্তাক্ত গুলিকাণ্ড ও অন্যদিকে নিউ ইয়র্কে বহুতল ধসে ৮ জনের মৃত্যুর ঘটনায় চরম অস্থিরতা তৈরি হয়েছে আমেরিকাজুড়ে।






