পাকিস্তান নয়, ভারতকে বিশেষ ছাড়! হরমুজ প্রণালী নিয়ে বড় ঘোষণা ইরানের
ইরানের দাবি, ভারত ছাড়াও চিন, ইরাক ও কাতারকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
Truth of Bengal: যুদ্ধের আবহে কূটনৈতিক সমীকরণে বড় পরিবর্তন! মধ্যস্থতাকারী পাকিস্তানকে কার্যত দূরে সরিয়ে রেখে ভারতের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ইরান। তেহরানের এই সিদ্ধান্তে এবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে অবাধে যাতায়াত করতে পারবে ভারতীয় জাহাজ। মঙ্গলবার ইরান সরকারের এক শীর্ষ কর্তা এই ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে নয়াদিল্লিতে।
ইরানের দাবি, ভারত ছাড়াও চিন, ইরাক ও কাতারকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বিদেশনীতি বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান আমির হায়াত মোকাদ্দাম জানিয়েছেন, এই চার দেশের জাহাজ অবাধে চলাচল করতে পারবে। তবে অন্যান্য দেশের ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ইরানের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে পারস্পরিক বাণিজ্যিক ও কূটনৈতিক স্বার্থ। ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ ও চিকিৎসা সামগ্রী আমদানি করে ইরান। মার্কিন নিষেধাজ্ঞা ও সংঘাতের জেরে দেশটিতে ওষুধের সংকট তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বজায় রাখা তেহরানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি অংশীদার চিন। আন্তর্জাতিক চাপের মুখে বেজিংয়ের কূটনৈতিক সমর্থনও তেহরানের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ফলে ভারত ও চিনের মতো গুরুত্বপূর্ণ অংশীদারদের জন্য হরমুজে ছাড় দেওয়ার সিদ্ধান্তকে কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষকদের একাংশ।




