পরপর হেলিকপ্টার দুর্ঘটনা! চারধামে উড়ানে এবার নয়া নিয়ম
গত ৩০ অক্টোবর উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠের কাছে ট্রান্স ভারত এভিয়েশনের একটি হেলিকপ্টার বদ্রীনাথ থেকে দেরাদুনে ফেরার পথে ভেঙে পড়ে
Truth of Bengal: গত শুক্রবার বদ্রীনাথের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় এক পাইলট-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। পরপর কপ্টার বিপর্যয়ে প্রাণহানির ঘটনার পর চারধাম যাত্রায় হেলিকপ্টার পরিষেবা নিয়ে কড়াকড়ি শুরু করেছে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। সূত্রের খবর, ২ নভেম্বর থেকে প্রতিটি চার্টার্ড হেলিকপ্টারে দু’জন পাইলট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম না মানলে চারধামে কপ্টার পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে সংস্থা।
গত ৩০ অক্টোবর উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠের কাছে ট্রান্স ভারত এভিয়েশনের একটি হেলিকপ্টার বদ্রীনাথ থেকে দেরাদুনে ফেরার পথে ভেঙে পড়ে। দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। এরপরই চারধাম যাত্রায় কপ্টার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে ডিজিসিএ। নির্দেশিকায় বলা হয়েছে, ২ নভেম্বর থেকে প্রতিটি চার্টার্ড উড়ানে কো-পাইলটের পাহাড়ি এলাকায় বিমান চালানোর যোগ্যতা থাকতে হবে। উড়ানের আগে কন্ট্রোল রুম ও যাত্রাপথের সংশ্লিষ্ট এলাকার অনুমতি নেওয়া বাধ্যতামূলক। হেলিপ্যাডে অবতরণের পর পাইলটকে রিপোর্ট জমা দিতে হবে।
তবে প্রতিটি কপ্টারে দু’জন পাইলট রাখার নির্দেশ নিয়ে আপত্তি তুলেছেন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। তাঁদের বক্তব্য, এতে পরিচালন খরচ, ক্রু ও লজিস্টিক খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। তাই ডিজিসিএ এবং উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির কাছে নির্দেশিকা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন অপারেটররা। নির্দেশিকা কার্যকর করার আগে জরুরি আলোচনার দাবিও তুলেছেন তাঁরা।






