দেশ

হুডখোলা গাড়িতে রাহুল-মমতা, গাড়ির আসন বিন্যাস ঘিরে জল্পনা

একসময় ‘ইন্ডি’ জোটের কর্মসূচিতে সামনের সারিতে দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Truth of Bengal: হুডখোলা গাড়িতে চালকের পাশের আসনে রাহুল গান্ধী। তাঁর পিছনের সারিতে ওমর আবদুল্লা ও ডি রাজা। তৃতীয় সারিতে অখিলেশ যাদবের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে এই আসন বিন্যাস ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর বিরোধী জোটে কংগ্রেসের গুরুত্ব বাড়ছে কি না, সেই প্রশ্নও উঠছে।

একসময় ‘ইন্ডি’ জোটের কর্মসূচিতে সামনের সারিতে দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়কে। ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক লড়াই—পথে নেমে আন্দোলনে বরাবরই পরিচিত তিনি। তবে এদিন হুডখোলা গাড়িতে রাহুল গান্ধীকে সামনের আসনে দেখা গেল। মমতা ছিলেন তৃতীয় সারিতে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ছবি বিরোধী জোটে নেতৃত্বের সমীকরণ বদলের ইঙ্গিত দিতে পারে।

এদিন গাড়িতে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, ওমর আবদুল্লা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সাংসদ সুপ্রিয়া সুলে ও তেজস্বী যাদব। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় একেবারে শেষ সারিতে।

‘ভোটচুরি’র অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে রবিবার দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডি’ জোটের মেগা সমাবেশের আয়োজন করা হয়েছে। সভাকে ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রামলীলা ময়দানে পুলিশ ও আধাসেনা মিলিয়ে প্রায় ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছেন। নজরদারির জন্য রয়েছে অন্তত ২০০টি এআই-সংযুক্ত ক্যামেরা।

Related Articles