সিকিমে বরফের দাপট, নাথু-লায় পর্যটকদের যাতায়াত বন্ধ
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি সিকিমের একাধিক অঞ্চলেও বৃষ্টি হয়েছে।
Truth of Bengal: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর পরোক্ষ প্রভাবে সিকিমে শীতের আমেজ। শুক্রবার পাকিয়ং জেলার কুপুপ, নাথু-লা এবং নাথাং উপত্যকা ভারী তুষারপাতে ঢেকে গিয়েছে। তুষারপাতের জেরে জওহরলাল নেহেরু রোডের কয়েকটি অংশ এবং চিন সীমান্তের নাথু-লায় পর্যটকদের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। আরও তুষারপাতের আশঙ্কায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি সিকিমের একাধিক অঞ্চলেও বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকেই উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকায় তুষারপাত শুরু হয়। জিরো পয়েন্ট, লাচেন ও লাচুংয়ের উঁচু পাহাড়ি এলাকায় বরফ পড়ার খবর মিলেছে। তুষারপাতের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকেরা কনকনে ঠান্ডা ও বৃষ্টি উপেক্ষা করেই প্রকৃতির রূপ উপভোগ করছেন।
বৃহস্পতিবার ভোর থেকেই পাকিয়ং জেলার কুপুপ গ্রাম, নাথু-লা পাস এবং নাথাং উপত্যকা বরফের চাদরে ঢেকে যায়। রাস্তাঘাট, বাড়ির ছাদ ও যানবাহনের উপর জমে বরফ। শুক্রবার ভারী তুষারপাতের ফলে জওহরলাল নেহেরু রোডের কিছু অংশ এবং নাথু-লা পাসে পুরু বরফের আস্তরণ তৈরি হয়। এর জেরে বিপজ্জনক ‘ব্ল্যাক আইস’-এর পরিস্থিতি তৈরি হওয়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সিকিমের উঁচু পাহাড়ি এলাকায় আরও তুষারপাত এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।






