রাজ্যের খবর

সিকিমে তুষার পাতে বন্ধ একাধিক রাস্তা, বরফের চাদরে ঢাকলো সান্দাকফু

যান চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকরা

Truth Of Bengal: আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে বুধবার রাত থেকে ব্যাপক তুষারপাত শুরু হয়েছে সিকিম ও দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকায়। বরফের পুরু চাদরে ঢাকা পড়েছে পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য সান্দাকফু। অন্যদিকে, উত্তর সিকিমের একাধিক জায়গায় প্রবল তুষারপাতের কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকরা।

আবহাওয়া দপ্তর আগেই দার্জিলিং ও সিকিম পাহাড়ের উঁচু এলাকাগুলোতে ভারী বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সর্তকতা জারি করেছিল। সেই অনুযায়ী বুধবার রাত বাড়তেই আবহাওয়া বদলে যায়। সিকিমের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বরফ জমে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় সিকিম প্রশাসনের পাশাপাশি দ্রুত উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনাও। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাতায়াত স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা থেকে বরফ সরানোর কাজ চলছে। সিকিম প্রশাসন জানিয়েছে, বর্তমানে প্রচুর পর্যটক পাহাড়ে অবস্থান করছেন, তাঁদের সুরক্ষাই এখন অগ্রাধিকার।

একই ছবি ধরা পড়েছে দার্জিলিংয়ের সান্দাকফুতেও। সেখানে রাতভর তুষারপাতের জেরে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং দাঁড়িয়ে থাকা গাড়িগুলি সাদা বরফে ঢেকে গিয়েছে। পাহাড়ের এই মোহময় রূপ উপভোগ করতে পর্যটকদের মধ্যে তুমুল উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেককেই বরফ নিয়ে খেলায় মেতে উঠতে দেখা যায়।

তবে এখনই আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শুক্রবারও পার্বত্য এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে একদিকে প্রকৃতির এই অপরূপ শোভা পর্যটকদের আকর্ষণ করলেও, তুষারপাত ও ধসের আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনকে। সব মিলিয়ে শীতের আমেজ আর তুষারপাতের জৌলুসে পাহাড় এখন উৎসবের মেজাজে, যদিও যাতায়াতের সমস্যা কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Related Articles