কলকাতা

কলকাতার ২০৯ আসনেই পদ্ম প্রতীক! পুরভোটের আগে মমতাকে চ্যালেঞ্জ সুকান্তর

শুক্রবার সাংবাদিক বৈঠকে সুকান্ত জানান, বিজেপির প্রার্থী হতে ড্রপবক্সে আবেদন করার শেষ সময় ২৬ অক্টোবর বিকেল ৫টা।

Truth of Bengal: নজরে পুরভোট। কলকাতা পুরসভার ২০৯টি আসনেই পদ্ম প্রতীকে একা লড়ার ঘোষণা করলেন বিজেপির কলকাতার দায়িত্বপ্রাপ্ত নেতা সুকান্ত মজুমদার। এনসিপিআইয়ের সঙ্গে জোটের জল্পনা উড়িয়ে তাঁর দাবি, প্রতি ওয়ার্ডে প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যেই অন্তত ১০ জন করে আবেদন করেছেন। একইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সুকান্ত বলেন, “উনি আগে নিজের বুথে জিতে দেখান।”

শুক্রবার সাংবাদিক বৈঠকে সুকান্ত জানান, বিজেপির প্রার্থী হতে ড্রপবক্সে আবেদন করার শেষ সময় ২৬ অক্টোবর বিকেল ৫টা। প্রার্থী বাছাইয়ে অগ্রাধিকার পাবেন দলের কর্মী-সমর্থক, দুর্দিনে দলের পাশে থাকা ব্যক্তিরা এবং সমাজের বিশিষ্টজনেরা। সংশ্লিষ্ট এলাকায় সম্ভাব্য প্রার্থীর ভাবমূর্তিও খতিয়ে দেখা হবে।

প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে জেলা ও রাজ্যস্তরের নেতা, বিধায়ক এবং সাংসদদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন সুকান্ত। তৃণমূলের কোনও নেতা বিজেপির টিকিট পেতে পারেন কি না, সেই প্রশ্নে তাঁর বক্তব্য, রাজনীতিতে সম্ভাবনা সবসময়ই থাকে। তবে প্রার্থী বাছাইয়ে দলের পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হবে বলেও স্পষ্ট করেছেন তিনি।

Related Articles