কলকাতা

পারদ চড়ছে বঙ্গে! চলতি সপ্তাহেই তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি, জানাল হাওয়া অফিস

আবহাওয়া দফতর জানিয়েছে, প্রাথমিকভাবে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Truth Of Bengal: বাংলা থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। আগামী দু’থেকে তিন দিনের মধ্যেই গোটা রাজ্য জুড়ে আবহাওয়ার মুড সুইং লক্ষ্য করা যাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহেই বাড়তে চলেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, প্রাথমিকভাবে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম ধাপে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস পারদ বাড়তে পারে, এরপর ধাপে ধাপে আরও ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি হওয়ার ইঙ্গিত মিলছে। তবে এরপর আগামী এক সপ্তাহে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।

অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী সাত দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে ভোরের দিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, যার ফলে দৃশ্যমানতা কিছুটা কমতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে যাওয়ায় বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া প্রবাহিত হচ্ছে, যার ফলে রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে।

যদিও ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, তবুও সকাল এবং রাতের দিকে এখনও তুলনামূলকভাবে ঠান্ডার অনুভূতি বজায় রয়েছে। দিনের বিভিন্ন সময়ে তাপমাত্রার ওঠানামার ফলে অনেকেই অস্বস্তিতে পড়ছেন। ভোর কিংবা রাতে ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত বাড়ছে—এই চিত্র গোটা রাজ্যেই কমবেশি লক্ষ্য করা যাচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি থেকেই তাপমাত্রার এই পরিবর্তন আরও স্পষ্টভাবে অনুভূত হবে। ওই সময় থেকেই গরমের আমেজ বাড়তে পারে। কলকাতায় আজ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে এরপর ধীরে ধীরে পারদ বাড়বে এবং ১৪ ফেব্রুয়ারিতে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসে।

একই ধরনের পরিস্থিতি জেলার ক্ষেত্রেও দেখা যাবে। আজ সোমবার বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ১৪ ফেব্রুয়ারিতে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। অর্থাৎ, আগামী এক সপ্তাহে রাজ্যের বিভিন্ন অংশে গড়ে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles