কলকাতা

কার্ড থাকলে ছাড়তে হবে ‘স্বাস্থ্য সাথী’ ও ‘আয়ুষ্মান ভারত’! নবান্নের কড়া নির্দেশিকা

শুক্রবার অর্থ দফতরের মেডিক্যাল সেল থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে

Truth of Bengal: সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। যাঁরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প বা West Bengal Health Scheme (WBHS)-এর আওতায় রয়েছেন, তাঁরা আর একইসঙ্গে স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা নিতে পারবেন না। শুক্রবার অর্থ দফতরের মেডিক্যাল সেল থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নবান্নের বক্তব্য, সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং তাঁদের তালিকাভুক্ত নির্ভরশীলরা যদি WBHS-এর সুবিধাভোগী হন, তবে তাঁদের জন্য সেটিই প্রযোজ্য স্বাস্থ্য প্রকল্প হবে। অথচ সরকারের নজরে এসেছে, WBHS-এর আওতায় থাকা কিছু কর্মী ও পেনশনভোগীর কাছে স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ডও রয়েছে। এই তালিকায় অল ইন্ডিয়া সার্ভিসের কয়েকজন কর্মীও রয়েছেন বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

নতুন নির্দেশ অনুযায়ী, WBHS-এর আওতাভুক্ত কোনও কর্মচারী, পেনশনভোগী অথবা তাঁদের নথিভুক্ত নির্ভরশীলের কাছে স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড থাকলে তা অবিলম্বে সমর্পণ করতে হবে। কার্ড জমা দেওয়ার পর তার প্রমাণপত্রের সঙ্গে একটি নির্ধারিত ঘোষণাপত্রও জমা করতে হবে। কর্মরত সরকারি কর্মীদের ক্ষেত্রে সেই নথি সংশ্লিষ্ট দফতরের প্রধানের কাছে দিতে হবে। পেনশনভোগীদের ক্ষেত্রে যেখানে WBHS-এর ফর্ম জমা দেওয়া হয়, সেখানেই সংশ্লিষ্ট নথি জমা করতে হবে।

এই পুরো প্রক্রিয়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে অর্থ দফতর। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে কড়া পদক্ষেপের কথাও জানানো হয়েছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি WBHS-এর অধীনে যে চিকিৎসা-সংক্রান্ত সুবিধা পান, তা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। সরকারি কর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

Related Articles