কলকাতারাজ্যের খবর

West Bengal Winter Weather: কলকাতার ১৫ ডিগ্রিতেই জবুথবু শহরবাসী! সপ্তাহজুড়ে বাড়বে শীতের আমেজ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের বেশ কয়েকটি জেলায় আগামী দিনে পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে।

Truth of Bengal: ডিসেম্বরের শুরুতেই রাজ্যজুড়ে শীতের প্রকোপ স্পষ্টভাবে ধরা দিতে শুরু করেছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তৃত অঞ্চলে রাতের তাপমাত্রা টানা কমছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের বেশ কয়েকটি জেলায় আগামী দিনে পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। গত তিন দিন ধরে কলকাতার ন্যূনতম তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি ঘোরাফেরা করায় শহরবাসী ইতিমধ্যেই বেশ ঠান্ডা অনুভব করছেন।

আবহবিদদের মতে, আগামী পাঁচ দিন তাপমাত্রায় বড় কোনও তারতম্য হবে না। তবে শীতের স্বাদ আরও গভীর হবে। বঙ্গোপসাগরে বর্তমানে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের সম্ভাবনা নেই। ফলে বৃষ্টির আশঙ্কা না থাকায় বাতাস থাকবে শুষ্ক, আর তাই শীতের চেপে ধরা আরও বাড়বে। এ সময়ে উত্তুরে হাওয়ার জোর দক্ষিণবঙ্গের সব জেলা জুড়েই বজায় থাকবে। বিশেষ করে বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান—এই এলাকায় শীত বেশ তীব্র আকারে অনুভূত হতে পারে।

ফলে ভোরবেলা ও সকাল নাগাদ রাজ্যের বহু জেলায় কুয়াশা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে উত্তরবঙ্গেও শীত ইতিমধ্যেই দাপট দেখাতে শুরু করেছে। পাহাড়ি শহর দার্জিলিং–এ তাপমাত্রা নেমে এসেছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াসে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে ধারণা। যদিও বড় কোনও পরিবর্তন আপাতত নেই, তবুও সকালের দিকে এই অঞ্চলের আকাশ ঢেকে থাকতে পারে ঘন কুয়াশায়। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস থাকায় সতর্কতা জারি করা হয়েছে।

Related Articles