জ্ঞানেশকাণ্ডে উত্তাল দিল্লি! বেআইনি জমায়েতের অভিযোগে আটক প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শুক্রবার সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাসভবনের সামনে দলীয় সাংসদদের সঙ্গে ধরনায় বসেছিলেন তিনি
Truth of Bengal: দিল্লিতে বিরোধী নেতাদের ধরপাকড়ের মধ্যেই এবার আটক হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাসভবনের সামনে দলীয় সাংসদদের সঙ্গে ধরনায় বসেছিলেন তিনি। কিছুক্ষণ পরই দিল্লি পুলিশ গিয়ে তাঁকে এবং সঙ্গে থাকা তৃণমূল নেতাদের সরিয়ে দেয়। পরে তাঁদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়।মমতার সঙ্গে ধরনায় ছিলেন দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম, প্রতিমা মণ্ডল-সহ তৃণমূলের একাধিক নেতা ও সাংসদ। পুলিশ তাঁদের জানায়, দিল্লিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা কার্যকর থাকায় পাঁচজনের বেশি মানুষের জমায়েতের অনুমতি নেই। সেই কারণেই বিক্ষোভ তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কিন্তু মমতা ও তৃণমূলের প্রতিনিধিরা অবস্থান চালিয়ে যান। এরপরই পুলিশ একে একে তাঁদের আটক করে। প্রিজন ভ্যানে তোলার পরও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মমতাকে। ভ্যান চলতে শুরু করলে তিনি চিৎকার করে বলেন, “এমনভাবে চালাচ্ছে, অ্যাকসিডেন্ট করে দেবে।”
দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা প্রতিবাদ ঘিরে সকাল থেকেই উত্তেজনা রয়েছে। একের পর এক বিরোধী নেতা ও আন্দোলনকারীকে আটক করার খবর সামনে আসছে। সেই তালিকায় এবার যুক্ত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং কতক্ষণ আটক রাখা হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে বিরোধী শিবিরের দাবি, শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করতেই প্রশাসন অতিরিক্ত কড়াকড়ির পথে হাঁটছে।






