ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে রেখা পাত্রকে, কথা বলছেন বিজেপি বিধায়ক! তবু কাটেনি উদ্বেগ, ফের সিটি স্ক্যান
মঙ্গলবার বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদার জানিয়েছেন, কথা বলার সময় রেখার জড়তা আগের তুলনায় অনেকটাই কমেছে
Truth of Bengal: হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সোমবার তাঁকে ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে। তারপর থেকে নতুন করে ভেন্টিলেশনের প্রয়োজন পড়েনি। এখন কথা বলতে পারছেন বিধায়ক। শারীরিক কোনও অস্বস্তি হলেও চিকিৎসকদের জানাচ্ছেন। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পুরোপুরি বিপন্মুক্ত নন তিনি। তিন সদস্যের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আপাতত আইসিইউতেই রাখা হচ্ছে তাঁকে। মঙ্গলবার বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদার জানিয়েছেন, কথা বলার সময় রেখার জড়তা আগের তুলনায় অনেকটাই কমেছে। হাসপাতাল সূত্রে খবর, এখনও শরীরে অক্সিজেনের ঘাটতি থাকায় বাইরে থেকে অক্সিজেন দিতে হচ্ছে। তবে রক্তচাপ-সহ অন্যান্য শারীরিক মাপকাঠি বিবেচনা করে চিকিৎসকেরা তাঁর সামগ্রিক পরিস্থিতির উন্নতিকে ইতিবাচক বলেই মনে করছেন।
তবে চিকিৎসকদের উদ্বেগের অন্যতম কারণ ফুসফুসের অবস্থা। বিষক্রিয়ার জেরে রেখার মুখের ভিতরে অতিরিক্ত লালারস জমেছিল। তিনি সম্পূর্ণ সচেতন না থাকায় সেই লালা ফুসফুসে প্রবেশ করে। আগের সিটি স্ক্যানের রিপোর্টে দেখা গিয়েছিল, এর ফলে ফুসফুসে অক্সিজেন সরবরাহ ব্যাহত হচ্ছে। চিকিৎসকদের আশঙ্কা, এই ধরনের জটিলতার প্রভাব অনেক সময় তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর উপসর্গ প্রকাশ পেতে পারে। সেই কারণেই মঙ্গলবার বিকেলে ফের তাঁর বুকের সিটি স্ক্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন রিপোর্টের উপর নির্ভর করবে পরবর্তী চিকিৎসার গতিপ্রকৃতি। এদিকে, ঠিক কী ধরনের বিষাক্ত পদার্থ রেখার শরীরে প্রবেশ করেছিল, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। পরিবারের তরফে ভেষজ কীটনাশক বা ‘হার্বাল লার্ভিসাইড’ খাওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু যে কীটনাশকের কৌটোর কথা বলা হচ্ছে, তার গায়ে রাসায়নিক উপাদানের কোনও বিবরণ নেই। ফলে সেটি কী কী উপাদান দিয়ে তৈরি, তা নিশ্চিত হতে পারছেন না চিকিৎসকেরা। আপাতত বিষক্রিয়ার উপসর্গের ভিত্তিতেই চিকিৎসা চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন রেখা। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রায় চার ঘণ্টা চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার রাত ৩টে নাগাদ তাঁকে কলকাতার হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বসিরহাট হাসপাতালের রেফারেল কার্ডে উল্লেখ ছিল, রোগীর পেটে বিষাক্ত ভেষজ কীটনাশক গিয়েছে বলে পরিজনেরা জানিয়েছেন। সেই সময় তাঁর রক্তচাপ ছিল ১২৪/৭০ এবং নাড়ির স্পন্দন প্রতি মিনিটে ১১০। মিনিটে চার লিটার অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। চিকিৎসকদের নথি অনুযায়ী, তিনি ঝিমিয়ে পড়েছিলেন এবং ডাকলেও ঠিকমতো সাড়া দিচ্ছিলেন না। রবিবার সকালে তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল। পরে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, আগের তুলনায় উন্নতি হয়েছে। তবে বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করতে পরীক্ষার প্রয়োজন রয়েছে।
সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে রাজ্য রাজনীতিতে পরিচিতি পেয়েছিলেন রেখা পাত্র। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হলেও জয় পাননি। পরবর্তীতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ থেকে জয়ী হন। সম্প্রতি জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেও আলোচনায় এসেছিলেন তিনি। আপাতত তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছে বিজেপি নেতৃত্ব।






