কলকাতা

বাংলায় হজ ভবন হলে গুরু নানকের নামে ভবন নয় কেন? শিখ সম্প্রদায়ের জন্য বড় ঘোষণা শুভেন্দুর

বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রকাশ পরবের মতো পবিত্র দিনে গুরুদ্বারে আসতে পেরে তিনি আনন্দিত

Truth of Bengal: গুরু নানক জয়ন্তী উপলক্ষে শিখ সম্প্রদায়ের জন্য একাধিক উন্নয়নমূলক পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মঙ্গলবার প্রকাশ পরব উপলক্ষে ডানকুনির একটি গুরুদ্বারে গিয়ে গুরু নানকের নামে ভবন তৈরির কথা জানান তিনি। পাশাপাশি সেখানে একটি কমিউনিটি হল তৈরিরও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, বাংলায় যদি হজ ভবন তৈরি হতে পারে, তাহলে গুরু নানকের নামে ভবন তৈরিতে আপত্তি কোথায়?এদিন গুরুদ্বারে গিয়ে প্রথমেই গুরু নানকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রকাশ পরবের মতো পবিত্র দিনে গুরুদ্বারে আসতে পেরে তিনি আনন্দিত। এই গুরুদ্বারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এর আগেও একাধিকবার এখানে এসেছেন। গত ১৪ নভেম্বর কলকাতার বড়বাজারের গুরুদ্বারেও গিয়েছিলেন বলে জানান তিনি। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী উমেশ রাই।

এরপরই শিখ সম্প্রদায়ের উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন শুভেন্দু। ডানকুনিতে একটি কমিউনিটি হল তৈরির ঘোষণা করে তিনি জানান, সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে আরও কাজ করা হবে। গুরুদ্বার সংলগ্ন জমিটিকে গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। জাতীয় সড়ক সংক্রান্ত যে সমস্যা রয়েছে, আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘোষণা ছিল গুরু নানকের নামে ভবন নির্মাণ। শুভেন্দু বলেন, গুরু নানকজির নামে ভবন তৈরি করতে পারা বড় প্রাপ্তি। এই প্রসঙ্গেই হজ ভবনের উদাহরণ টেনে তিনি প্রশ্ন করেন, রাজ্যে হজ ভবন থাকতে পারলে গুরু নানকের নামেও ভবন থাকবে না কেন? তাঁর বক্তব্য, আগের সরকার নির্দিষ্ট একটি সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে গুরুত্ব দিত। বর্তমান সরকার শিখ, জৈন-সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে সমান মর্যাদা দিয়ে তাদের উন্নয়নে কাজ করতে চায়।

এদিন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মেলা উপলক্ষে একাধিক সেবাশিবির তৈরি করা হচ্ছে। ডানকুনিতেও একটি ক্যাম্প তৈরি হবে। সেখানে পুলিশ ও সরকারি আধিকারিকেরা দায়িত্বে থাকবেন। আগামী ৯ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই শিবির চালানোর পরিকল্পনা রয়েছে। শিখ সম্প্রদায়ের সদস্যদেরও এই সেবামূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি গুরুদ্বারের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, কঠিন সময়েও এই জায়গায় তিনি আসতেন। সম্প্রদায়ের মানুষকে নিজের আত্মীয় বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

Related Articles