কলকাতা

গাড়ির বকেয়া কর মেটালেই জরিমানা মকুব! ৩১ ডিসেম্বর পর্যন্ত বড় ছাড় রাজ্যের, ফিটনেস সার্টিফিকেটেও সুবিধা

ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বাণিজ্যিক গাড়ির মালিকরাও এই সুবিধা পাবেন।

Truth of Bengal: গাড়ির মালিকদের জন্য বড়সড় স্বস্তির ঘোষণা রাজ্য সরকারের। বকেয়া গাড়ির কর এককালীন জমা দিলেই এবার সম্পূর্ণ জরিমানা মকুবের সুযোগ মিলবে। শুধু তাই নয়, মেয়াদ উত্তীর্ণ গাড়ির ফিটনেস সার্টিফিকেট নবীকরণের ক্ষেত্রেও অতিরিক্ত ফি-তে ছাড় দেওয়া হচ্ছে। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বাণিজ্যিক গাড়ির মালিকরাও এই সুবিধা পাবেন। সোমবার পরিবহণ দপ্তরের বিজ্ঞপ্তিতে ‘এককালীন ছাড় প্রকল্প ২০২৬-২৭’-এর কথা জানানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। পরিবহণ দপ্তর সূত্রে খবর, অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে চালু হওয়া এই প্রকল্প বিজ্ঞপ্তি জারির দিন থেকেই কার্যকর হয়েছে। নিয়ম অনুযায়ী, গাড়ির মালিকদের ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত বকেয়া মূল কর জমা দিতে হবে। তাহলেই বকেয়া করের উপর ধার্য হওয়া সম্পূর্ণ জরিমানা মকুব করা হবে।

ফিটনেস সার্টিফিকেট নবীকরণের ক্ষেত্রেও বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে নির্ধারিত মেয়াদ পেরিয়ে গেলে প্রতিদিন ৫০ টাকা করে অতিরিক্ত ফি দিতে হয়। নতুন নিয়মে ৩০ দিনের কম দেরি হলে প্রতিদিন ৫০ টাকা দিতে হবে। তবে ৩০ দিন বা তার বেশি সময় পেরিয়ে গেলে এককালীন ১,৫০০ টাকা অতিরিক্ত ফি দিয়েই নবীকরণ করা যাবে। এই সুবিধা পেতে ৩১ ডিসেম্বরের মধ্যে ফিটনেস সার্টিফিকেট নবীকরণের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে শুধুমাত্র আবেদন করলেই এই ছাড় পাওয়া যাবে না। সংশ্লিষ্ট গাড়ির সমস্ত প্রযোজ্য কর ও ফি নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া বাধ্যতামূলক। সেই সঙ্গে ফিটনেস সার্টিফিকেট নবীকরণের কাজও শেষ করতে হবে।

প্রকল্পটি কার্যকর করতে ‘বাহন’ সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তনের নির্দেশ দিয়েছে পরিবহণ দপ্তর। রাজ্যের সমস্ত আরটিও এবং এআরটিও অফিসকেও এই বিষয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে। উল্লেখ্য, জরিমানা-সহ রাজ্যে গাড়ির বকেয়া করের পরিমাণ কয়েকশো কোটি টাকা। এর আগে কর জমা দেওয়ার জন্য গাড়ির মালিকদের চিঠি পাঠানো হলেও তেমন সাড়া মেলেনি। বরং জরিমানা মকুবের দাবি জানিয়ে আসছিলেন মালিকরা। এবার সেই দাবিতেই সিলমোহর দিল রাজ্য সরকার। পরিবহণ দপ্তরের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে বাস, ট্রাক, ট্যাক্সি, ক্যাব এবং পুলকার সংগঠনগুলি।

Related Articles