কলকাতা

‘তৃণমূলের সময়ে কলকাতার অবস্থা ভাল ছিল’, ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে পুরসভাকে তোপ রীতেশ তিওয়ারির

উত্তর কলকাতায় ডেঙ্গির তাণ্ডব! ৬ নম্বর ওয়ার্ড ‘রেড জোন’, পুরসভার বিরুদ্ধে ফুঁসে উঠলেন বিধায়ক রীতেশ!

Truth of Bengal: উত্তর কলকাতার কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা এলাকায় ডেঙ্গি পরিস্থিতি মারাত্মক ও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। বিশেষ করে ৬ নম্বর ওয়ার্ডসহ বি টি রোড সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলকে ইতিমধ্যেই ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘরে ঘরে ছড়াচ্ছে জ্বর, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, এমনকি পর পর ডেঙ্গিতে মৃত্যুর ঘটনাও সামনে আসছে। এই ভয়াবহ পরিস্থিতির মাঝে কলকাতা পুরসভার নাগরিক পরিষেবা ও প্রশাসনিক উদাসীনতা নিয়ে মারাত্মক ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি।

রীতেশের অভিযোগ, গত জুন মাস থেকেই এলাকা জুড়ে নোংরা-আবর্জনায় ভরা ৩০টিরও বেশি পুকুর ও ডোবা পরিষ্কারের জন্য পুরসভায় লিখিত আবেদন জানানো হয়েছিল। এমনকি পরিবেশ ও নিকাশি (ENS) দফতরের ডিজি-র সঙ্গে একাধিক বার কথা বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি। বিধায়কের তীব্র তোপ, “পরপর ডেঙ্গিতে মৃত্যু ও একাধিক মানুষ হাসপাতালে ভর্তি হওয়া সত্ত্বেও পুর আধিকারিকেরা কোনও পদক্ষেপ করেননি। কর্পোরেশনের চরম অদক্ষতা ও অপদার্থতার বলি হচ্ছেন সাধারণ মানুষ।”

এখানেই থামেননি রীতেশ। তিনি চাঞ্চল্যকর দাবি করেন যে, সম্প্রতি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল যখন এলাকা পরিদর্শনে আসেন, তখন পুর আধিকারিকেরা তাঁকে আসল লার্ভা ও আবর্জনায় ভরা এলাকা না দেখিয়ে মাত্র ৫০ মিটারের একটি পরিচ্ছন্ন অঞ্চল ঘুরিয়ে মূল চিত্র আড়াল করেছেন। পুরসভার প্রশাসনিক প্রধান স্মিতা পাণ্ডেকে লক্ষ্য করেই কি তাঁর এই তোপ? এই প্রশ্নে রীতেশ স্পষ্ট জানান, তিনি কারও নাম না নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।

অন্যদিকে, বিজেপি বিধায়কের তোলা অভিযোগকে গুরুত্ব সহকারে দেখছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, পুর কমিশনার স্মিতা পাণ্ডে তাঁকে সর্বোচ্চ সংক্রমণ (প্রায় ৫৪ জন আক্রান্ত) থাকা এলাকাতেই নিয়ে গিয়েছিলেন এবং সেখানে জমা আবর্জনা সরাতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, “রীতেশবাবু যে সব পরিত্যক্ত নোংরা এলাকার কথা বলছেন, দুর্গাপূজার আগেই আমি নিজে গিয়ে সেই সমস্ত এলাকা সরজমিনে পরিদর্শন করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

Related Articles