খেলা

যুবভারতীতে ডেভিড বনাম গোলিয়াথ, ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই ভারতের

গুরপ্রীতের ভুলেই কি বিপর্যয়? অভিষেক ম্যাচেই সাহস দেখালেন গিল, চোখে জল ভারতীয় ফুটবলপ্রেমীদের!

Truth of Bengal: বাইবেলের সেই বিখ্যাত ‘ডেভিড বনাম গোলিয়াথ’-এর অসম দ্বৈরথের গল্প যেন শনিবার রাতে পুনর্জীবিত হল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং ফিফা র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা পরাক্রমশালী ব্রাজিল, অন্যদিকে ১৩৮ নম্বর স্থানে থাকা ব্লু টাইগার্স। কিন্তু স্কোরের অংককে ছাপিয়ে ৯০ মিনিটের খেলায় অন্তত ৬০ মিনিট ধরে বিশ্বমঞ্চে চোখে চোখ রেখে লড়াই চালাল ভারত।

পানামার বিরুদ্ধে নাটকীয় ড্র করার পর মনবীর সিংদের নিয়ে সমর্থকদের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ব্রাজিলের বিরুদ্ধে তা এক নতুন মাত্রা পেল। ম্যাচের প্রথম ২৮ মিনিট পর্যন্ত সাম্বা ব্রিগেডের একের পর এক আক্রমণ যেভাবে আটকে দিল ভারতীয় ডিফেন্স, তা এককথায় অবিশ্বাস্য। রক্ষণে চিনের প্রাচীর হয়ে দাঁড়ালেন আনোয়ার আলি। ঠাণ্ডা মাথায় দলের ডিফেন্স লাইনকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি একের পর এক মারাত্মক ব্রাজিলীয় আক্রমণ প্রতিহত করলেন তিনি। সঙ্গে যোগ্য সঙ্গ দিলেন আকাশ মিশ্র। এই দুই তারকার অসীম দক্ষতার জন্যই ব্রাজিলের গোলসংখ্যা বাড়তে পারেনি।

ভারত যে কেবল রক্ষণভাগ সামলেছে তা কিন্তু নয়। বিরতির আগে ও পরে ব্রাজিলীয় রক্ষণে বেশ কয়েকটি পাল্টা আক্রমণ শানান রায়ান উইলিয়ামস ও মনবীর সিংরা। ম্যাচের পরিসংখ্যানে স্পষ্ট, ভারত মোট সাতটি শট মেরেছে, যার মধ্যে দুটি ছিল নিখুঁত টার্গেটে। প্রতিপক্ষের গোলকিপার ও অভিজ্ঞ ডিফেন্সের দেওয়াল না থাকলে ভারতের ঝুলিতে গোল আসতেই পারত।

এদিকে এই ঐতিহাসিক ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হল তরুণ গোলকিপার প্রভসুখন সিং গিলের। অভিজ্ঞ গুরপ্রীত সিং সান্ধুর একের পর এক ভুলের পর তেকাঠির নিচে গিলের সাহসিকতা মন জয় করেছে কলকাতার ফুটবল জনতার।

ভারতীয় ফুটবলের হেড কোচ খালিদ জামিলকে নিয়ে অতীতে হাজারো সমালোচনা থাকলেও, পানামা ও ব্রাজিলের বিরুদ্ধে তাঁর সাজানো ট্যাকটিক্স পুরো বদলে দিয়েছে দলের রূপ। ভারতে আসার আগে ব্রাজিলের হাইপ্রোফাইল কোচ কার্লো আনসেলোত্তি খানিক তাচ্ছিল্য করে মন্তব্য করেছিলেন যে, “ভারতে নাকি ফুটবল সংস্কৃতিই নেই!” তবে শনিবার যুবভারতীর কানায় কানায় পূর্ণ গ্যালারি ও আনোয়ার-মনবীরদের অকুতোভয় লড়াইয়ের সাক্ষী থেকে মাঠ ছাড়ার পর আনসেলোত্তিকে নিশ্চয় স্বীকার করতে হবে, ফুটবল মানচিত্রে স্থান যাই হোক না কেন, দেশের জন্য রক্ত জল করে লড়াই করা একঝাঁক ‘ডেভিড’ ভারতে এখনও বর্তমান।

Related Articles