হাসিনার ফেরার ঘোষণার পরই উত্তপ্ত বাংলাদেশ! ইউনুসের বাড়িতে আগুন
চট্টগ্রামে বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের পৈতৃক বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে।
Truth of Bengal: ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। নিষিদ্ধ আওয়ামি লিগের নেতা-কর্মীদের প্রকাশ্যে মিটিং-মিছিল ঘিরে বিভিন্ন জেলায় বাড়ছে উত্তেজনা। বুধবার চট্টগ্রামে বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের পৈতৃক বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে, নড়াইলে বিএনপি ও আওয়ামি লিগের সংঘর্ষে মৃত্যু হয়েছে দু’জনের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দেশজুড়ে বন্ধের ডাক দিয়েছে আওয়ামি লিগ।
অভিযোগ, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় ইউনুসের পৈতৃক বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগিয়ে দেয় কয়েকজন দুষ্কৃতী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক এই ঘটনায় জড়িত। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
অন্যদিকে, বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরবাইক মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। আওয়ামি লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এই সংঘর্ষে গুরুতর আহত হন তিনজন। পরে হাসপাতালে মৃত্যু হয় সোহেল রানা ও শাহিন ইসলামের। ঘটনার জেরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।






