রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বক্সায় ফের বাঘিনীর গর্জন! ইতিহাসের দোরগোড়ায় উত্তরের বনাঞ্চল

বক্সায় ঐতিহাসিক মুহূর্ত! খোলা জঙ্গলে মুক্ত বাঘিনি, উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু ও কেন্দ্রীয় মন্ত্রী

Truth of Bengal: উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে তৈরি হতে চলেছে এক স্বর্ণালী ইতিহাস। সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে বক্সার ঘন বনাঞ্চলে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হবে বাঘিনিটিকে। সকাল ঠিক ১০টা ৩০ মিনিটে এনক্লোজারের দরজা খুলে তাকে স্বভূমিতে ফেরার বার্তা দেওয়া হবে। রাজ্য বন দফতর ও কেন্দ্রীয় বন মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব।

এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকতে গত বৃহস্পতিবার থেকেই সাজ সাজ রব বক্সা টাইগার রিজার্ভজুড়ে। তবে মেগা ইভেন্টের ঠিক আগের দিন ঘনীভূত হয়েছিল চরম উদ্বেগ ও নাটকীয়তা। বাঘিনির গলার রেডিও কলারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তড়িঘড়ি পদক্ষেপ করতে হয় বন আধিকারিকদের। বৃহস্পতিবার তাকে হালকা ঘুমপাড়ানি গুলি (ট্র্যাঙ্কুলাইজার) করে কাবু করা হয় এবং দ্রুত রেডিও কলারটি মেরামতের ব্যবস্থা করা হয়।

এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ জানান, “রেডিও কলারের সমস্যা সমাধান করা হয়েছে। বাঘিনিটি পুরোপুরি সুস্থ রয়েছে। শুক্রবার ওকে কোনও বাড়তি শারীরিক চাপ না দিয়ে স্বাভাবিক নিয়মে এনক্লোজারের দরজা খুলে দেওয়া হয়েছে। নিজের ছন্দেই সে বনাঞ্চলে বিচরণ করবে।”

অন্যদিকে, বৃহস্পতিবারই আলিপুরদুয়ারে এসে পৌঁছান কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এই মেগা উদ্যোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছি। সুন্দরবনের পাশাপাশি এখন থেকে বক্সা টাইগার রিজার্ভেও ব্যাঘ্র পর্যটনের এক বিশাল সম্ভাবনা তৈরি হল, যা স্থানীয় অর্থনীতি ও পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

শুক্রবার সকালে বনাঞ্চলের মূল স্থানে বাঘিনি ছাড়ার সময় হাজির থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, বনমন্ত্রী মনোজ ওরাওঁ এবং হাতে গোনা কয়েকজন উচ্চপদস্থ ভিভিআইপি ও আমলা। সাধারণ মানুষের উন্মাদনার কথা মাথায় রেখে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশাল জায়ান্ট স্ক্রিনে লাইভ ভিডিও-র মাধ্যমে বাঘিনির জঙ্গলে ফেরার প্রতিটি মুহূর্ত সাধারণ দর্শকদের দেখানো হয়। প্যারেড গ্রাউন্ডের এই বিশেষ মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন।

Related Articles