
The Truth of Bengal: খাদ্যের লোভে ফের শিশু শিক্ষা কেন্দ্রের মিড ডে মিলের রান্না ঘরে হানা দিলো হাতি। ডুয়ার্সের মেটেলি ব্লকের ডাঙ্গী ডিভিশন চা বাগানের শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা। ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
জানা যায়, শুক্রবার রাত প্রায় দুটো নাগাদ সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে ওই এলাকায়।হাতিটি এলাকার শিশু শিক্ষা কেন্দ্রের রান্না ঘরের দেওয়াল ভেঙ্গে দেয়। যদিও রান্না ঘরে কোন খাবার মজুদ না থাকায় কোনো কিছু নিতে পারেনি হাতিটি। পরে স্থানীয় বাসিন্দাদের চিৎকার চেঁচামেচিতে হাতিটি ফের জঙ্গলে চলে যায়।
উল্লেখ্য, এর আগেও ওই রান্নাঘরে হাতি তাণ্ডব চালিয়েছিল। পরে ব্লক প্রশাসনের তরফে সেই রান্নাঘর মেরামত করা হয়। এলাকায় হাতির হানা রুখতে রাতে এলাকায় বনকর্মীদের বাড়তি টহলদারির দাবি করেছেন বাসিন্দারা। বনদপ্তরের তরফে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।






