পুজোর পর বাড়তে পারে বাসভাড়া! বড় ইঙ্গিত পরিবহণমন্ত্রীর
পরিবহণমন্ত্রীর মতে, ২০১৮ সাল থেকে সরকারি ভাবে বাসভাড়া বাড়েনি।
বর্তমানে বহু বাসে সর্বনিম্ন ১০ টাকা ভাড়া নেওয়া হলেও তার কোনও সরকারি বিজ্ঞপ্তি নেই। ফলে নতুন করে ভাড়া বাড়লে সর্বনিম্ন ভাড়া কত হবে, তা নিয়েই এখন যাত্রীদের কৌতূহল। এ দিনের বৈঠকে টোল নিয়েও আলোচনা হয়েছে। বাসমালিকদের অভিযোগ, একই জেলার বিভিন্ন টোলপ্লাজায় আলাদা হারে টাকা নেওয়া হচ্ছে। রাজ্য সরকার সমস্ত টোলপ্লাজায় নির্দিষ্ট হার চালু করতে চাইছে। বিষয়টি সমাধানের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ছ’দিন সময় দেওয়া হয়েছে।
মূল রাস্তায় টোটো চলাচল নিয়েও কড়া অবস্থানের কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী। বড় রাস্তায় টোটো চলাচল বন্ধ করার পাশাপাশি গোটা ব্যবস্থায় একটি অভিন্ন নিয়ম আনার কথা বলেছেন তিনি।
এদিকে দুর্গাপুজোর আগে রাস্তায় আরও প্রায় ৩০০টি সরকারি বাস নামানো হবে বলে জানিয়েছেন অর্জুন সিং। বাসমালিক সংগঠনগুলিও বৈঠকের পর সন্তোষ প্রকাশ করেছে। তাদের আশা, পুজোর পর বাসভাড়া বৃদ্ধির বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত নেবে রাজ্য।






