দেশ

রাস্তায় বচসার ভয়ংকর পরিণতি! গাড়ির ধাক্কায় ছিটকে পড়লেন মহিলা বাইকার

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

Truth of Bengal: পিছন থেকে ধাওয়া করে আসা একটি গাড়িকে দূরত্ব বজায় রাখতে বলেছিলেন তরুণী বাইকার। অভিযোগ, সেই সতর্কবার্তাই যেন কাল হয়ে দাঁড়াল তাঁর জন্য। প্রথমে কথা কাটাকাটি, তারপর আচমকাই পিছন থেকে বাইকে সজোরে ধাক্কা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তরুণী, কয়েক মিটার পর্যন্ত ঘষটে যায় তাঁর বাইকও। গুরুগ্রামের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলা বাইকারের নাম সিয়া। ইনস্টাগ্রামে ‘RebelWheels Siya’ নামে একটি পেজ রয়েছে তাঁর। সেখানে নিয়মিত বাইক রাইডের নানা ভিডিও পোস্ট করেন তিনি। সম্প্রতি ওই অ্যাকাউন্টেই নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সিয়া।

তাঁর দাবি, ঘটনাটি ঘটেছে রবিবার। গুরুগ্রামের গল্ফ রোড থেকে একটি বাইকার দলের সঙ্গে স্পোর্টস বাইক নিয়ে রাইডে বেরিয়েছিলেন তিনি। যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি গাড়িতে থাকা কয়েকজন যুবক তাঁদের পিছু নিতে শুরু করেন বলে অভিযোগ। একাধিকবার গাড়িটি তাঁর বাইকের বিপজ্জনকভাবে কাছাকাছি চলে আসে। গাড়িতে থাকা যুবকেরা তাঁর উদ্দেশে আক্রমণাত্মক মন্তব্যও করেন বলে অভিযোগ সিয়ার। সিয়া জানিয়েছেন, তিনি তাঁদের গাড়ি নিয়ে কিছুটা দূরত্ব বজায় রাখতে বলেন। কিন্তু তাতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হয়ে ওঠে। উলটে তাঁকেই বাইক থামাতে বলা হয়। তরুণীর দাবি, গাড়িতে থাকা যুবকদের আচরণ দেখে তাঁর মনে হয়েছিল তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন।

অভিযোগ, এরপর গাড়িটি রাস্তায় তাঁর বাইকের সঙ্গে রেষারেষি শুরু করে। গাড়িটি যাতে পথ আটকে দিতে না পারে, সেই চেষ্টা করে সামনে এগোচ্ছিলেন সিয়া। ঠিক সেই সময় আচমকা পিছন থেকে তাঁর বাইকে ধাক্কা মারে গাড়িটি। মুহূর্তের মধ্যে রাস্তায় ছিটকে পড়েন তিনি। বাইকটিও বেশ কিছুটা দূর পর্যন্ত ঘষটে যায়। বাইকে লাগানো ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে বলে দাবি ওই তরুণীর। সিয়ার আরও অভিযোগ, ঘটনার পরও গাড়ির চালক নিজের দায় স্বীকার করেননি। বরং দুর্ঘটনার জন্য তাঁকেই দায়ী করার চেষ্টা করা হয়। পরে গোটা ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে গুরুগ্রাম পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন তিনি এবং গাড়ির চালক-সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।