দেশ

হামাসের কায়দায় ড্রোন হামলার পরিকল্পনা জঙ্গিদের! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বর্তমানে দানিশকে হেফাজতে রেখে তদন্তকারীরা তার কাছ থেকে আরও তথ্য উদ্ধার করার চেষ্টা করছেন।

Truth Of Bengal: দিল্লিতে বিস্ফোরণের আগেই দেশজুড়ে রক্তক্ষয়ী হামলার ভয়ঙ্কর ষড়যন্ত্র করছিল জঙ্গিরা। শুধু তাই নয়, হামাসের কায়দায় দেশের বিভিন্ন প্রান্তে ড্রোন হামলারও পরিকল্পনা ছিল তাদের। আত্মঘাতি জঙ্গি উমর-উল নবি বা ‘উপর মহম্মদ’-এর অন্যতম সহযোগী জাসির বিলাল ওয়ানি বা ‘দানিশ’-কে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সোমবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ থেকে গোয়েন্দারা দানিশকে গ্রেফতার করেন।

জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) সূত্রে জানা গেছে, মূলত জঙ্গি মডিউলটির টেকনিক্যাল সাপোর্টের দায়িত্বে ছিলেন দানিশ। এছাড়াও তিনি ড্রোন ও রকেট তৈরি করতেন। এই ড্রোন ও রকেট ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক হামলার ছক করেছিল জঙ্গিরা। বর্তমানে দানিশকে হেফাজতে রেখে তদন্তকারীরা তার কাছ থেকে আরও তথ্য উদ্ধার করার চেষ্টা করছেন।

দিল্লি বিস্ফোরণের অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন দানিশ নিজেই। উল্লেখযোগ্য যে, রবিবারই উমরের সহযোগী ও এই হামলার ষড়যন্ত্রকারী আমির রশিদ আলিকে গ্রেফতার করে এনআইএ। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গোয়েন্দাদের জালে ধরা পড়ে দানিশ।

এছাড়া, দিল্লি বিস্ফোরণের তদন্তে এনআইএ দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও গ্রেফতার অভিযান শুরু করেছে। তদন্তের অংশ হিসেবে শ্রীনগরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসককেও আটক করা হয়েছে, যাদের বেশিরভাগই কাশ্মীরের বাসিন্দা। ঘটনাচক্রে দানিশও কাশ্মীরের বাসিন্দা।

এছাড়া, তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়। এই ঘটনার মাধ্যমে ধীরে ধীরে দেশে ছড়িয়ে থাকা ‘হোয়াইট কলার টেরর’-এর ভয়াবহ চিত্র সামনে আসছে।