খেলা

ধোনির ২৫ শতাংশ শেয়ার চাওয়ার খবর কি সত্যি? অবশেষে মুখ খুলল চেন্নাই সুপার কিংস

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ধোনি দলের মালিকানায় বড় অংশীদারিত্ব নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন।

Truth of Bengal: চেন্নাই সুপার কিংসের মালিকানায় মহেন্দ্র সিং ধোনির অংশীদারিত্ব নিয়ে তৈরি হওয়া জল্পনায় এবার ইতি টানল ফ্র্যাঞ্চাইজি। সম্প্রতি খবর ছড়িয়েছিল, ধোনি নাকি দলের ২৫ শতাংশ অংশীদারিত্ব চেয়েছিলেন। পরে সেই দাবি কমিয়ে ২০ শতাংশ করা হয় এবং তাঁকে নাকি ৫.৫ শতাংশ অংশীদারিত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে চেন্নাই সুপার কিংসের এক শীর্ষকর্তা জানিয়েছেন, এমন কোনও আলোচনা কখনও হয়নি।

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ধোনি দলের মালিকানায় বড় অংশীদারিত্ব নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। কিন্তু চেন্নাইয়ের এক শীর্ষকর্তার বক্তব্য, ধোনি কখনও তাঁদের কাছে এমন কোনও প্রস্তাব দেননি। এমনকী দলের মালিকানার অন্যতম প্রধান অংশীদার এন শ্রীনিবাসনের সঙ্গেও ধোনির এই বিষয়ে কথা হয়েছে বলে তাঁদের কাছে কোনও তথ্য নেই।

চেন্নাইয়ের সঙ্গে ধোনির সম্পর্ক অবশ্য বহু দিনের। অধিনায়ক হিসাবে তিনি দলকে ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। অধিনায়কত্ব ছাড়ার পরও তিনি দলের গুরুত্বপূর্ণ মুখ হয়ে রয়েছেন। ধোনির অবশ্য চেন্নাই সুপার কিংসের কিছু শেয়ার রয়েছে। সংস্থাটি তালিকাভুক্ত নয় বলে এই শেয়ার সাধারণ বাজারে কেনাবেচা হয় না। ব্যক্তিগত লেনদেনের মাধ্যমেই এই ধরনের শেয়ার হস্তান্তর করা সম্ভব। প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ধোনির হাতে ১ লক্ষের বেশি শেয়ার রয়েছে।

চেন্নাইয়ের মোট শেয়ারের বড় অংশই সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকলেও নিয়ন্ত্রণকারী অংশীদারিত্ব রয়েছে এন শ্রীনিবাসনের পরিবারের কাছে। সেই পরিস্থিতিতে ধোনির ২৫ শতাংশ অংশীদারিত্ব চাওয়ার খবরকে বাস্তবসম্মত বলে মনে করেননি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াও। তাঁর মতে, চেন্নাই সুপার কিংসের বর্তমান মূল্য কয়েকশো কোটি টাকার প্রশ্ন নয়। একাধিক আইপিএল ট্রফি, বিশাল সমর্থকগোষ্ঠী এবং দেশের বাইরেও ফ্র্যাঞ্চাইজি ব্যবসা থাকায় দলটির ব্র্যান্ড মূল্য অনেক বেশি। সেই মূল্যায়নের নিরিখে ২৫ শতাংশ অংশীদারিত্বের অঙ্কও বিপুল। আকাশের বক্তব্য, এমন পরিস্থিতিতে কাউকে বিনা মূল্যে ২৫ শতাংশ অংশীদারিত্ব দেওয়ার প্রশ্নই ওঠে না। বরং ওই পরিমাণ অংশীদারিত্ব পেতে বিপুল অর্থ বিনিয়োগ করতে হবে।

Related Articles