কলকাতা

তারাতলাকাণ্ডে গ্রেফতার পুরসভার ইঞ্জিনিয়ার, নজরে অনুমোদনের নথি

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, অনুমোদিত নকশা মেনেই নির্মাণকাজ চলছিল কি না এবং অনুমোদনের প্রক্রিয়ায় কোনও অনিয়ম বা আর্থিক লেনদেন হয়েছিল কি না।

তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে ১৬ জনের মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট গ্রেফতার করেছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখকে।

গত ২৪ জুন তারাতলায় নির্মীয়মাণ গুদামের একটি অংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ১৬ জনের মৃত্যু হয়। ঘটনার পর উদ্ধারকাজে নামে সেনা, এনডিআরএফ ও কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, অনুমোদিত নকশা মেনেই নির্মাণকাজ চলছিল কি না এবং অনুমোদনের প্রক্রিয়ায় কোনও অনিয়ম বা আর্থিক লেনদেন হয়েছিল কি না। এর আগে এই মামলায় কালীচরণ বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল।

শুক্রবার রাতে বাঁশদ্রোণী থানা এলাকার গড়িয়ার একটি আবাসন থেকে আমিনুর শেখকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, তারাতলার পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলেন তিনি। তাঁকে জেরা করে নির্মাণ অনুমোদন ও নজরদারির বিষয়ে আরও তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা।