বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নেপথ্যে বোমাবাজি না দুর্ঘটনা?
পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই ঘটনা
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগণা: বারুইপুরের উত্তরভাগের লালপোল এলাকায় তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডলের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির নিচের অংশ প্রায় ধ্বংস হয়ে যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের একাধিক বাড়িও। পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই ঘটনা। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বাড়িতে বিপুল পরিমাণ বোমা মজুত করা হয়েছিল। তাঁদের আরও দাবি, দীর্ঘদিন ধরে বাড়িটিতে নানা ধরনের অনৈতিক কার্যকলাপ চলত। এমনকি এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার উদ্দেশ্যেই সেখানে বোমা মজুত করা হয়েছিল বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তবে এই অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
বিস্ফোরণের পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিস্ফোরণের উৎস কী, সিলিন্ডার থেকেই দুর্ঘটনা ঘটেছে নাকি বাড়িতে অন্য কোনও বিস্ফোরক মজুত ছিল—সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।






