লালকেল্লায় যুবশক্তিই মূল অস্ত্র! ১ কোটি তরুণ-তরুণীকে নিখরচায় AI প্রশিক্ষণ ও কোচিং, ঘোষণা প্রধানমন্ত্রীর
অনুষ্ঠানমঞ্চ থেকে তরুণ প্রজন্মের ওপর অগাধ আস্থা প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার স্বপ্ন সফল করার প্রধান কারিগর এই যুবসমাজই
Truth of Bengal: দেশের ৮০তম স্বাধীনতা দিবসে রাজধানীর লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে টানা ১৩ বার লালকেল্লার প্রাচীর থেকে বক্তব্য রাখলেন তিনি। শনিবার আয়োজিত এই উদযাপনের মূল বিষয়বস্তু বা থিম ছিল ‘যুবশক্তি’ এবং ‘বিকশিত ভারত’। অনুষ্ঠানমঞ্চ থেকে তরুণ প্রজন্মের ওপর অগাধ আস্থা প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার স্বপ্ন সফল করার প্রধান কারিগর এই যুবসমাজই। একই সঙ্গে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও ‘আত্মনির্ভর ভারত’ গড়ার গতিকে আরও তরান্বিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে ভাষণমঞ্চ থেকেই এক বড় সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাবের কথা উল্লেখ করে তিনি জানান, প্রতি বছর দেশের এক কোটি যুবক-যুবতীকে বিশেষ এআই (AI) প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রীর মতে, তরুণদের অদম্য শক্তি ও দক্ষতাই দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে। তবে এই সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে দেশের নারীশক্তি, কৃষক এবং শ্রমজীবী মানুষের অখণ্ড সহযোগিতার প্রয়োজনীয়তার কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি।
শনিবার সকালে লালকেল্লায় পৌঁছানোর পূর্বে রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর নির্ধারিত সময়ে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর ভারতীয় সেনাবাহিনীর ব্যান্ডের সূরে বেজে ওঠে জাতীয় গান ‘বন্দে মাতরম’। চলতি বছরে জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই প্রথমবার লালকেল্লার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে গানটি আনুষ্ঠানিকভাবে পরিবেশন করা হলো। এরপর ঐতিহ্য মেনে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। সমগ্র অনুষ্ঠান চত্বরে তরুণ প্রজন্মের ব্যাপক উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়।
উল্লেখ্য, সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ক্ষেত্রে অনিয়মের অভিযোগে সিজেপি তথা ককরোচ জনতা পার্টির আহ্বানে রাজধানীজুড়ে তরুণদের ব্যাপক আন্দোলন প্রত্যক্ষ করেছিল দেশ। লালকেল্লায় দীর্ঘ অবস্থান ও সংসদ ভবন অভিযানের জেরে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছিল। সেই সংকটকালে বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে যুবসমাজের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। দেশের সেই সাম্প্রতিক উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটের পর, এবারের গোটা স্বাধীনতা দিবসের জাতীয় উৎসবের কেন্দ্রবিন্দুতে সেই তরুণ প্রজন্মকেই প্রাধান্য দিল কেন্দ্র সরকার।






