কলকাতা

“জীবনের বহু পরীক্ষা ‘আউট অফ সিলেবাস’!” দিল্লি আইআইটির সমাবর্তনে তরুণদের বড় বার্তা প্রধানমন্ত্রীর

সমাবর্তনে পড়ুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের তাঁদের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে

Truth of Bengal: দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে বড় দায়িত্ব তরুণ প্রজন্মের কাঁধেই—দিল্লি আইআইটির সমাবর্তন মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, বিকশিত ভারত গড়ে তুলতে দেশের তরুণদের শক্তি, উদ্ভাবনী ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার সাহসই সবচেয়ে বড় ভরসা। সমাবর্তনে পড়ুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের তাঁদের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে। তরুণ প্রজন্ম যত শক্তিশালী হবে, দেশও তত দ্রুত এগোবে। পড়াশোনার পরীক্ষার সঙ্গে বাস্তব জীবনের পরীক্ষার পার্থক্যের কথাও তুলে ধরেন তিনি। মোদীর কথায়, শিক্ষাজীবনের পরীক্ষার একটি নির্দিষ্ট সিলেবাস থাকে, কিন্তু জীবনের পরীক্ষায় আগে থেকে কোনও প্রশ্নপত্র পাওয়া যায় না। তাই জীবনের অধিকাংশ চ্যালেঞ্জই কার্যত ‘আউট অফ সিলেবাস’।

প্রধানমন্ত্রী বলেন, ক্যাম্পাসে থাকাকালীন কী পড়তে হবে, কখন পরীক্ষা হবে বা কোন বিষয়ে প্রস্তুতি নিতে হবে—সব কিছুই অনেকটাই নির্দিষ্ট থাকে। কিন্তু ক্যাম্পাসের বাইরে পা রাখার পর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সেখানে প্রতি পদক্ষেপে নতুন সমস্যা, নতুন সিদ্ধান্ত এবং অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই কারণেই তরুণদের সবসময় শেখার মানসিকতা ধরে রাখার পরামর্শ দিয়েছেন মোদী। কোনও বিষয় না বুঝে মেনে নেওয়ার বদলে প্রশ্ন করতে হবে, উত্তর খুঁজতে হবে এবং নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, প্রত্যেক প্রজন্মেরই দেশের প্রতি কিছু দায়িত্ব থাকে। সময়ের সঙ্গে সেই দায়িত্বের ধরন বদলায়, চ্যালেঞ্জও বদলায়। বর্তমান প্রজন্ম আগামী দিনে যে সিদ্ধান্ত নেবে, তার উপরই অনেকাংশে নির্ভর করবে ভারতের ভবিষ্যৎ। তাই ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের উন্নয়নের কথাও মাথায় রেখে এগোনোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

অর্থনীতি, প্রযুক্তি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেশকে আরও আত্মনির্ভর করে তোলার লক্ষ্য নিয়েও কথা বলেন মোদী। তাঁর দাবি, বিকশিত ভারতের যাত্রায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজ যত আত্মবিশ্বাসী, দক্ষ এবং দায়িত্বশীল হবে, ভারতের ভিতও তত মজবুত হবে। নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং পড়ুয়াদের বিক্ষোভের পর থেকেই তরুণ প্রজন্মের ক্ষোভ এবং অসন্তোষ রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে আসে। শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থাকে ঘিরে প্রশ্ন ওঠার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা শুরু হয়েছিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরও সেই আন্দোলন থামেনি। ওই পরিস্থিতির পর সমাজমাধ্যমে একাধিকবার তরুণদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার আইআইটির সমাবর্তনের প্রকাশ্য মঞ্চ থেকেও যুবসমাজের সঙ্গে যোগাযোগের সেই প্রচেষ্টা আরও স্পষ্ট করলেন তিনি। তরুণদের প্রতি আস্থা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতের ভারত গড়ার দায়িত্বও তাঁদের হাতেই তুলে দিলেন নরেন্দ্র মোদী।

Related Articles