দেশ

৫ বছরে ৭৭টি দেশ সফর! মোদির বিদেশযাত্রায় মোট কত কোটি খরচ? সংসদে প্রকাশ্যে তথ্য

২০২১ সালের গোড়া থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৭৭টি দেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Truth Of Bengal: ২০২১ সালের গোড়া থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৭৭টি দেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যসভায় সিপিএম সাংসদ ভি শিবদাসনের এক প্রশ্নের লিখিত জবাবে বিদেশ মন্ত্রক এই তথ্য প্রকাশ করেছে। তিনি প্রধানমন্ত্রীর এসব সফরে বাসস্থান, যাতায়াত ও আনুষঙ্গিক অন্যান্য খরচের বিস্তারিত জানতে চেয়েছিলেন।  বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা জানান, গত পাঁচ বছরে প্রধানমন্ত্রীর এই সফরগুলিতে কেন্দ্রের মোট খরচ হয়েছে ৫৫৭ কোটি ৫১ লক্ষ টাকা।

বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জমা দেওয়া ৩৫ পাতার লিখিত জবাবে জানানো হয়, প্রধানমন্ত্রীর এই সফর ও বিভিন্ন দেশের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) বিশ্বমঞ্চে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক অবস্থানকে আরও মজবুত করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই সফরগুলির সুবাদে ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ভারতে ৩৮১.৮ বিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৩৬ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা) রেকর্ড প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (FDI) এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ২০২১ সালে ৩৬ কোটি ১০ লক্ষ, ২০২২ সালে ৫৫ কোটি ৮০ লক্ষ, ২০২৩ সালে ৯৩ কোটি ৬০ লক্ষ এবং ২০২৪ সালে ১০৯ কোটি ৫০ লক্ষ টাকা খরচ হয়েছিল। অন্যদিকে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ১৮৭ কোটি ৮০ লক্ষ টাকায় এবং ২০২৬ সালের জুলাই পর্যন্ত খরচ হয়েছে ৭৪ কোটি ৫০ লক্ষ টাকা। উল্লেখ্য, এর আগে মার্চ মাসে সংসদে জানানো হয়েছিল যে ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৮টি দেশে সফর করতে মোদীর খরচ হয়েছিল প্রায় ২৫৮ কোটি টাকা।

Related Articles