রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৫০০ এর বেশি শূন্যপদে লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
প্রোবেশনারি পিরিয়ড চলবে ২ বছরের। মাসে বেতন মিলবে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকার মধ্যে।
Truth of Bengal: ব্যাঙ্কে চাকরি করার কথা ভাবছেন? রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রয়েছে কাজের সুযোগ। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৫৪৫। ৯ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট pnb.bank.in এর মাধ্যমে। বাংলা-সহ ১৭টি রাজ্য ও কেন্দ্র শাসিত বিভিন্ন অঞ্চলে ৫৪৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। অনলাইনে লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই, স্থানীয় ভাষায় দক্ষতা যাচাই ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ২০ জুলাই থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
প্রোবেশনারি পিরিয়ড চলবে ২ বছরের। মাসে বেতন মিলবে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকার মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ৫০ টাকা আবেদনমূল্য লাগবে। বাকিদের ১ হাজার টাকা করে আবেদনমূল্য জমা দিতে হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, বাংলায় ৮০টি, বাংলা ভাষা জানতে হবে। অন্ধ্র প্রদেশে ৪টি, তেলুগু ভাষা জানতে হবে। গুজরাতে ৭৭টি। গুজরাতি ভাষা জানতে হবে। কর্নাটকে ৭৮টি, কন্নড় ভাষা জানতে হবে। মহারাষ্ট্রে ৬৭টি, মরাঠি ভাষা জানতে হবে। তেলেঙ্গানায় ৪১টি, তেলুগু ভাষা জানতে হবে। তামিলনাড়ুতে ৫১টি, তামিল ভাষা জানতে হবে। জম্মু-কাশ্মীরে ৯টি, উর্দু, ডোগরি বা কাশ্মীরি ভাষা জানতে হবে। লাদাখে ২টি, উর্দু, পুরগি বা ভোটি ভাষা জানতে হবে। অরুণাচল প্রদেশে ৪টি, ইংরেজি ভাষা জানতে হবে। অসমে ৮৫টি, অহমিয়া বা বোড়ো ভাষা জানতে হবে। মণিপুরে ৬টি, মণিপুরী বা মেইতেই ভাষা জানতে হবে। মেঘালয়ে ৮টি, গারো বা খাসি ভাষা জানতে হবে। মিজোরামে ৫টি, মিজো ভাষা জানতে হবে। নাগাল্যান্ডে ৫টি, ইংরেজি ভাষা জানতে হবে। সিকিমে ৫টি, নেপালি বা সিকিমি ভাষা জানতে হবে। ত্রিপুরায় ১৮টি, বাংলা বা কোকবোরোক ভাষা জানতে হবে।
আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো ভাষায় স্নাতক হতে হবে। বয়স হতে হবে ২০-৩০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর, ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর, প্রাক্তন সেনাকর্মীদের বয়সে ৫ বছর আর ১৯৮৪ সালের দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের বয়সে ৫ বছর ছাড় মিলবে।






