মাঝরাস্তায় বিপদে পড়লেই ডায়াল ১০৭৩! নাগরিকদের সুবিধার্থে কলকাতা পুলিশের বড় উদ্যোগ
কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পথচলতি মানুষ বা গাড়িচালকরা মাঝরাস্তায় কোনো সমস্যায় পড়লে সরাসরি ১০৭৩ ডায়াল করে জরুরি পরিষেবা পাবেন।
Truth of Bengal: শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও সুসংহত এবং নাগরিক-বান্ধব করে তুলতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা ট্রাফিক পুলিশ। রাস্তায় যাতায়াতের সময় সাধারণ মানুষ যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক সাহায্য পেতে পারেন, সে জন্য চালু রয়েছে ‘ওয়ান-স্টপ ট্রাফিক হেল্পলাইন ১০৭৩’। শহরের যানজট, পার্কিং সংক্রান্ত সমস্যা কিংবা সড়ক দুর্ঘটনার মতো যেকোনো প্রতিকূলতায় সরাসরি লালবাজারের ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পথচলতি মানুষ বা গাড়িচালকরা মাঝরাস্তায় কোনো সমস্যায় পড়লে সরাসরি ১০৭৩ ডায়াল করে জরুরি পরিষেবা পাবেন। বিশেষ করে শহরের কোনো রাস্তায় হঠাৎ যানজট তৈরি হলে তার বিকল্প পথের তথ্য সংগ্রহ, বেআইনি পার্কিং ঘিরে তৈরি হওয়া জটিলতা নিরসন এবং দুর্ঘটনাকবলিত স্থানে দ্রুত অ্যাম্বুলেন্স বা পুলিশি সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই হেল্পলাইন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
নাগরিকদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য সুনিশ্চিত করাই এই পরিষেবার মূল উদ্দেশ্য। “আপনার পাশে, সর্বদা”—এই অঙ্গীকারকে সামনে রেখে লালবাজারের ট্রাফিক কন্ট্রোল রুম দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে চলেছে। ট্রাফিক সংক্রান্ত যেকোনো সহায়তা বা তথ্যের জন্য পথচারী ও চালকদের কোনো দ্বিধা ছাড়াই এই হেল্পলাইন নম্বরটি ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে শহর পুলিশ।






