রিসর্ট ভাড়ার টাকা মেটানো নিয়ে তুলকালাম! অভিষেকের আপ্তসহায়কের বাড়িতে পুলিশের নোটিস
“তাড়াতাড়ি মিটে যাক!”, ছেলের গোপন আস্তানা নিয়ে পুলিশের সামনে মুখ খুললেন না সুমিত রায়ের মা
Truth of Bengal: আইনি জালে আরও বেশি জড়িয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। জমি দুর্নীতি ও নির্বাচনে প্রার্থী করার নামে আর্থিক তোলার মতো একাধিক গুরুতর অভিযোগের জেরে মেদিনীপুর জেলা পুলিশের স্ক্যানারে রয়েছেন তিনি। এরই মধ্যে এবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া একটি প্রতারণার নতুন অভিযোগে তাঁর নিউ আলিপুরের বাড়িতে হানা দিল পুলিশ। খোদ সুমিত রায়ের মায়ের হাতে তুলে দেওয়া হল পুলিশের বিশেষ নোটিস।
পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুর থানা এলাকার একটি রিসর্ট সেবাশ্রয়ের উদ্দেশ্যে ভাড়া নিয়েছিলেন সুমিত রায়। কিন্তু চুক্তি অনুযায়ী দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই রিসর্ট মালিক কোনও অর্থ পাননি। বকেয়া টাকা না পেয়ে শেষমেশ বাধ্য হয়েই সুমিত রায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রিসর্টের মালিক। সেই অভিযোগের ভিত্তিতেই বিষ্ণুপুর এবং বেহালা থানার যৌথ পুলিশ বাহিনী নিউ আলিপুরের বাসভবনে পৌঁছয়। বাড়ির বাইরে মিনিট দশেক অপেক্ষার পর সুমিতের মা দরজা খুললে পুলিশ আধিকারিকরা তাঁর হাতে নোটিসটি তুলে দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমিতের মা জানান, যত দ্রুত সম্ভব এই ঝামেলার অবসান হোক এটাই তাঁর কাম্য। তবে পলাতক সুমিত রায় বর্তমানে ঠিক কোথায় লুকিয়ে রয়েছেন, সে বিষয়ে তিনি সম্পূর্ণ মুখ বন্ধ রাখেন এবং কোনও সদুত্তর দিতে পারেননি।
উল্লেখ্য, শালবনি থানার পুলিশ এর আগে সুমিতের খোঁজে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেও আচমকা তল্লাশি চালিয়েছিল। মোবাইল টাওয়ারের সুনির্দিষ্ট লোকেশন ট্র্যাক করেই পুলিশ সেখানে পৌঁছেছিল বলে জানা যায়, আর ঠিক তার পরেই বেপাত্তা হয়ে যান সুমিত। তদন্তকারীদের আবেদনে সাড়া দিয়ে মেদিনীপুর আদালত ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও লুক আউট সার্কুলার (Look Out Notice) জারি করেছে। আইনি সুরক্ষা পেতে সুমিতের আইনজীবীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন জানালেও, উচ্চ আদালত তা খারিজ করে দেওয়ায় তাঁর ওপর গ্রেপ্তারের খড়্গ আরও ঘনীভূত হয়েছে।






