১ টিবি তথ্য ডার্ক ওয়েবে! দেশের নামী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ সাইবার হানা
সাইবার বিশেষজ্ঞ তথা ‘ক্যাশলেসকনজিউমার’-এর প্রতিষ্ঠাতা শ্রীকান্ত লক্ষ্মণ ফাঁস হওয়া কিছু নথির নমুনা পরীক্ষা করে এই ঘটনাকে এক বিরাট সাইবার বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন।
Truth of Bengal: দেশের অন্যতম শীর্ষ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘ব্যাঙ্ক অফ বরোদা’য় বড়সড় সাইবার হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হ্যাকারদের দাবি, ব্যাঙ্কের প্রধান সার্ভারে সিঁধ কেটে প্রায় ১ টেরাবাইট (১টিবি) অত্যন্ত সংবেদনশীল তথ্য হাতিয়ে তা ডার্ক ওয়েবে ফাঁস করে দেওয়া হয়েছে। ফাঁস হওয়া নথির মধ্যে সাধারণ গ্রাহক থেকে শুরু করে কর্পোরেট ও এনআরআই অ্যাকাউন্টের বিবরণ, সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের রেকর্ড, ঋণ সংক্রান্ত নথি, নেট ব্যাঙ্কিং ডেটা, গ্রাহকদের ব্যক্তিগত পরিচয়পত্র এবং বিভিন্ন শাখা ও এটিএম সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি রয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা সামনে আসতেই কোটি কোটি গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে।
সাইবার বিশেষজ্ঞ তথা ‘ক্যাশলেসকনজিউমার’-এর প্রতিষ্ঠাতা শ্রীকান্ত লক্ষ্মণ ফাঁস হওয়া কিছু নথির নমুনা পরীক্ষা করে এই ঘটনাকে এক বিরাট সাইবার বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। জানা গেছে, গত ২৫ জুলাই ডার্ক ওয়েব ট্র্যাকিং সাইট ‘ransomeware.live’-এর মাধ্যমে প্রথম এই চুরির বিষয়টি প্রকাশ্যে আসে। শ্রীকান্তের অনুমান, ‘ট্রিপলএক্স’ নামের একটি নতুন হ্যাকার গোষ্ঠী এই হামলার নেপথ্যে থাকতে পারে, যারা সম্প্রতি ইন্দোনেশিয়ার একটি ব্যাঙ্ক থেকেও প্রচুর ডেটা চুরি করেছিল। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি এবং এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক বা ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভারতে গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এ ধরনের সাইবার হামলার ঘটনা এটাই প্রথম নয়। সম্প্রতি তামিলনাড়ুর কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রায় ১৯ হাজার সংবেদনশীল নথি ফাঁসের খবরও সামনে এসেছে। একটি ঠিকাদার সংস্থার সার্ভার হ্যাক করে ‘ওয়ার্ল্ড লিকস’ নামের একটি হ্যাকার দল ওই পারমাণবিক কেন্দ্রের নকশা, যন্ত্রাংশের বিবরণ এবং নিরাপত্তা সংক্রান্ত অত্যন্ত গোপনীয় তথ্য হাতিয়ে নেয়। পর পর এমন সাইবার হানার ঘটনা দেশের সামগ্রিক তথ্য ও প্রযুক্তি নিরাপত্তার দুর্বলতাকে আবারও স্পষ্ট করে দিল।



