উত্তরপ্রদেশে আসন সমঝোতা ঘিরে জোর চর্চা, বৈঠকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ
এর আগে গত ৮ জুন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে রাহুল ও অখিলেশ উপস্থিত থাকলেও, পৃথকভাবে কোনও কথা হয়নি।
Truth of Bengal: সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই দিল্লির রাজনীতির অন্দরে সরগরম আলোচনা শুরু হয়েছে উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে। লোকসভায় বিরোধী দলনেতার কক্ষে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের মধ্যে প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধিও। সূত্রের খবর, উত্তরপ্রদেশে দুই দলের আসন সমঝোতা এবং অযোধ্যার রাম মন্দিরের নিবেদন চুরির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই শীর্ষ নেতৃত্বের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
এর আগে গত ৮ জুন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে রাহুল ও অখিলেশ উপস্থিত থাকলেও, পৃথকভাবে কোনও কথা হয়নি। এ দিনের বৈঠকের পর অখিলেশ জানান, সংসদ মূলত মুলতুবি থাকার কারণেই সাধারণ সৌজন্যমূলকভাবে এই সাক্ষাৎ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠকের নেপথ্যে রয়েছে উত্তরপ্রদেশের নির্বাচন ঘিরে গভীর রাজনৈতিক কৌশল। গত লোকসভা নির্বাচনে এই জোট ৮০টির মধ্যে ৪৩টি আসনে জয় পেয়েছিল, যার মধ্যে সমাজবাদী পার্টি ৩৭টি এবং কংগ্রেস বাকি আসনগুলিতে জয়ী হয়। বিশেষ করে দলিত ও মুসলিম ভোটব্যাঙ্কের এই সাফল্যকেই আগামী বিধানসভা নির্বাচনে কাজে লাগাতে চাইছে দুই দল।
তবে আসন বণ্টন নিয়ে দুই শিবিরের মধ্যে কিছু মতপার্থক্য রয়ে গিয়েছে। উত্তরপ্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজেন্দ্র পাল গৌতম মোট ৪০৩টি আসনের মধ্যে ২০০টি আসনে লড়াইয়ের দাবি তুলেছেন। যদিও ভেতরের খবর অনুযায়ী, কংগ্রেস অন্তত ১০০টি আসনে লড়াই করার পরিকল্পনা করছে। অন্যদিকে, সমাজবাদী পার্টি চায় কংগ্রেস প্রতিটি আসনের জন্য তাদের সম্ভাব্য প্রার্থীদের তালিকা দিক, যাতে তাঁদের জেতার ক্ষমতা যাচাই করা সম্ভব হয়। সমাজবাদী পার্টির একাংশের মতে, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ১০৫টি আসন দেওয়া হলেও বর্তমান পরিস্থিতি একেবারেই ভিন্ন। তাই সমাজবাদী পার্টি হয়তো কংগ্রেসকে ৮০টির বেশি আসন ছাড়তে রাজি হবে না।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হ্যাটট্রিক করা থেকে আটকাতে অখিলেশ যাদবের যেমন কংগ্রেসের সমর্থন প্রয়োজন, তেমনই গত বিধানসভা নির্বাচনে মাত্র ২টি আসন ও ২ শতাংশ ভোট পাওয়া কংগ্রেসেরও জোট ছাড়া বিকল্প পথ কম। এখন শীর্ষ নেতৃত্ব আলোচনা করে আসন সমঝোতার এই জটিল সমীকরণ কীভাবে সমাধান করে, সেটাই দেখার।






