জনতার আদালতে কাটমানিখোর! মাঝরাস্তায় কান ধরে ওঠবস করলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে
Truth of Bengal: দক্ষিণ ২৪ পরগনার সাগর এলাকায় কাটমানি নেওয়ার অভিযোগে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ঘিরে ধরে প্রকাশ্যে ক্ষমা চাওয়ানোর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের সামনে কান ধরে ওঠবস করতে দেখা যায় ওই নেতাকে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।অভিযুক্ত নেতার নাম রবীন জানা। তিনি ধবলাট গ্রাম পঞ্চায়েতের সদস্য। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে তিনি কাটমানি নিতেন। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও তুলেছেন তাঁরা।
স্থানীয় সূত্রে দাবি, রবীনকে রাস্তায় পেয়ে ঘিরে ধরেন কয়েকজন বাসিন্দা। তাঁর কাছে নেওয়া টাকা ফেরতের দাবিও জানানো হয়। এক পর্যায়ে সকলের সামনে কান ধরে ক্ষমা চান ওই পঞ্চায়েত সদস্য। পরে তাঁকে কান ধরে ওঠবস করতেও দেখা যায়।ঘটনার ভিডিও উপস্থিত কয়েকজন মোবাইল ফোনে রেকর্ড করেন। পরে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিও ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। পরে রবীন জানাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যদিও ঠিক কোন অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে, তা নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের একাধিক নেতা ও প্রাক্তন জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতি, জমি দখল, তোলাবাজি এবং ভয় দেখানোর অভিযোগ প্রকাশ্যে এসেছে। কয়েকটি ঘটনায় গ্রেপ্তারিও হয়েছে। সেই আবহে সাগরের এই ঘটনা নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।



