রাজ্যের খবর

আকাশ থেকে পুষ্পবৃষ্টি! শ্রাবণের প্রতি সোমবার শিবভক্তদের জন্য শুভেন্দুর বিরাট ঘোষণা

এবার বঞ্চিত হবে না বাংলা! জল্পেশ থেকে তারকেশ্বর, শিবভক্তদের জন্য রাজ্য সরকারের নজিরবিহীন উপহার!

Truth of Bengal: শ্রাবণ মাসের শুরুতেই রাজ্যের শিবভক্ত ও পুণ্যার্থীদের জন্য এক ঐতিহাসিক ও নজিরবিহীন উপহারের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এবার থেকে শ্রাবণ মাসের প্রতি সোমবার তারকেশ্বরগামী পুণ্যার্থীদের ওপর আকাশপথ থেকে অর্থাৎ হেলিকপ্টার দিয়ে করা হবে পুষ্পবৃষ্টি! আজ সোমবার এক হাই-প্রোফাইল সাংবাদিক বৈঠকে এই মেগা সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু পুষ্পবৃষ্টিই নয়, শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত দীর্ঘ ৩০ কিলোমিটার রাস্তায় শিবভক্তদের সুবিধার্থে প্রতি ৫ কিলোমিটার অন্তর তৈরি হচ্ছে অত্যাধুনিক সেবাকেন্দ্র। তারকেশ্বর ধামের ভোলবম পুণ্যার্থীদের জন্য সরকারের এই রাজকীয় উপহারকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে।

আকাশপথে পুষ্পবৃষ্টি থেকে প্রতি ৫ কিমিতে সেবাকেন্দ্র, পুণ্যার্থীদের জন্য রাজকীয় ব্যবস্থা!

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন স্পষ্ট জানান, আবহাওয়া সম্পূর্ণ ঠিক থাকলে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে ভোলবম ভক্তদের মাথায় হেলিকপ্টার থেকে ফুল ছড়ানো হবে। শেওড়াফুলি ঘাট থেকে জল নিয়ে প্রায় ৩০ কিলোমিটার পথ হেঁটে তারকেশ্বরে যান লক্ষ লক্ষ পুণ্যার্থী। তাঁদের এই দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রার কষ্ট কমাতে এবং ক্লান্তি দূর করতে প্রতি ৫ কিলোমিটার অন্তর অন্তর সরকারি সেবাকেন্দ্র গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

গোটা শ্রাবণ মাসজুড়ে এই পুণ্যার্থীদের জন্য রাস্তায় ২৪ ঘণ্টা সচল থাকবে পুলিশি সহায়তা কেন্দ্র, জরুরি মেডিক্যাল ক্যাম্প, পরিশ্রুত পানীয় জল, ওআরএস (ORS) এবং ভক্তদের আরামদায়ক বিশ্রামের বিশেষ ব্যবস্থা। বিগত দিনে পশ্চিমবঙ্গ এই ধরণের সরকারি সহায়তা থেকে বঞ্চিত ছিল দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, “এবার থেকে আর তা হবে না। রাজ্যের মানুষ সবরকম সরকারি সুযোগ-সুবিধা পাবেন।”

১৫ কোটির সৌন্দর্যায়ন, আপাতত নজরে রাজ্যের ৩টি বিখ্যাত শিবক্ষেত্র

প্রশাসন সূত্রে খবর, তারকেশ্বর মন্দিরের সামগ্রিক সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য ইতিমধ্যেই ১৫ কোটি টাকা ব্যয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। মেগা এই প্রকল্পের কাজ খতিয়ে দেখতেই শ্রাবণ মাস শুরুর ঠিক আগে আগামীকাল, মঙ্গলবার সরাসরি তারকেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বছর আপাতত রাজ্যের তিনটি বড় শিব মন্দিরকে বিশেষ ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে রাজ্য সরকার, হুগলির তারকেশ্বর ধাম, জলপাইগুড়ির জল্পেশ মন্দির এবং আলিপুরদুয়ারের জয়ন্তী এলাকার একটি ঐতিহ্যবাহী শিব মন্দির।

এছাড়াও মুখ্যমন্ত্রী তাঁর আগামী কর্মসূচির উল্লেখ করে জানান, ১৬ তারিখ কলকাতার ঐতিহ্যবাহী ইসকনের (ISKCON) রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সরকারের এই নতুন পদক্ষেপে স্বভাবতই খুশির হাওয়া আপামর শিবভক্ত মহলে।

Related Articles