রাজ্যের খবর

ফুলিয়ায় কৃত্তিবাসী রামায়ণের মিউজিয়াম, সংরক্ষিত রয়েছে নানান দুষ্প্রাপ্য তথ্য

Kriti Basi Ramayana Museum in Phulia, preserves various rare information

Truth Of Bengal: বিশ্বের একমাত্র রামায়ণ ও কৃত্তিবাস সম্পর্কিত লাইব্রেরী ও মিউজিয়াম ফুলিয়ায় অবস্থিত। রামায়ণ সম্পর্কিত দুষ্প্রাপ্য নানান তথ্য সংরক্ষিত রয়েছে এখানে। কৃত্তিবাস ওঝার নিজের হাতে লেখা রামায়ণের পান্ডুলিপির ফটোকপি সংরক্ষিত এই মিউজিয়ামে। রাজ্যের গ্রন্থাগার দফতর এই মিউজিয়ামের উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছে।

নদিয়া জেলার ফুলিয়ায় অবস্থিত কবি কৃত্তিবাস ও রামায়ণ সম্পর্কিত মিউজিয়াম কৃত্তিবাস মেমোরিয়াল লাইব্রেরী কাম মিউজিয়াম। বাংলায় রামায়ণ রচয়িতা কৃত্তিবাসের জীবন ও ঐতিহ্যের অনেক অজানা কাহিনী এই মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। কৃত্তিবাস রচিত রামায়ণের মূল পান্ডুলিপির ফটোকপি রয়েছে এই মিউজিয়ামে। কৃত্তিবাসের স্বহস্তে রচিত রামায়ণের এই পান্ডুলিপি দেখতে এবং বিভিন্ন তথ্য সংগ্রহে ইতিহাসের পড়ুয়া সহ গবেষকরা ছুটে আসেন এই মিউজিয়ামে।

১৯৬০ সালে কৃত্তিবাসের স্মরণে ফুলিয়ার বয়রায় এই লাইব্রেরি ও মিউজিয়াম গড়ে ওঠে। ১৯৬৭ সালে গ্রন্থাগারটি খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। ইতিহাসের ছাত্রদের কাছে এর গুরুত্ব অপরিসীম। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই লাইব্রেরির আধুনিকীকরণ করা হোক।

বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ, বাংলায় রামায়ণের রচয়িতা কৃত্তিবাস ওঝা। তার স্মৃতিতে ও তার নামাঙ্কিত এই মিউজিয়াম। কৃত্তিবাস সম্পর্কিত নানান ইতিহাস এখানে সংরক্ষিত। সপ্তাহে দু’দিন এই লাইব্রেরী ও মিউজিয়াম খুলে রাখার কথা থাকলেও সম্প্রতি তা বন্ধ বলে অভিযোগ। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।

ইতিমধ্যে রাজ্যের গ্রন্থাগার দফতরের তরফ থেকে কর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের মন্ত্রিসভায় তো আগেই পাস হয়েছে। ঐতিহ্যবাহী এই গ্রন্থাগার শীঘ্রই আবার স্বমহিমায় ফিরে আসবে। রাজ্য সরকার এই ঐতিহ্যকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। গ্রন্থাগার দফতরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

Related Articles