রাজ্যের খবর

বিকেলে দলবদল, সন্ধ্যায় টিকিট! শুভেন্দু-শমীককে পাশে নিয়ে রাজ্যসভার মনোনয়ন তিন ‘পদ্ম’ প্রার্থীর!

তৃণমূলের হাত পুরো খালি! বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের রাজ্যসভায় যাচ্ছেন সুখেন্দু-সুস্মিতারা?

Truth of Bengal: বিকেলে দলবদল আর সন্ধ্যায় সোজা রাজ্যসভার টিকিট! তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তিন হেভিওয়েট সাংসদকে নিয়ে রাজ্য রাজনীতিতে চলা জোর চর্চার মাঝেই ঘটে গেল এক বড়সড় ঘটনা। পদ্মশিবিরের টিকিটে ফের দিল্লির সংসদের উচ্চকক্ষে যাওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন তাঁরা। আজ সোমবার বিধানসভায় গিয়ে রাজকীয়ভাবে নিজেদের মনোনয়নপত্র পেশ করলেন সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Ray), প্রকাশ চিক বরাইক (Prakash Chik Baraik) এবং সুস্মিতা দেব (Sushmita Dev)। এদিনের এই হাই-প্রোফাইল মনোনয়ন পর্বকে কেন্দ্র করে সরগরম বিধানসভা চত্বর।

শুভেন্দু-শমীককে সঙ্গে নিয়ে বিধানসভায় দাপট, মনোনয়ন জমা দিলেন ৩ হেভিওয়েট

সোমবার বেলায় ঘড়ির কাঁটা ছুঁতেই বিধানসভা চত্বরে তৈরি হয় এক বিশেষ রাজনৈতিক আবহ। একে একে সেখানে এসে পৌঁছন তৃণমূলত্যাগী তিন বর্ষীয়ান নেতা সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব। বিধানসভায় পা রেখেই তাঁরা প্রথমে সোজা চলে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘরে। সেখানে তাঁদের স্বাগত জানান খোদ মুখ্যমন্ত্রী। ঠিক একই সময়ে সেখানে উপস্থিত হন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও (Samik Bhattacharya)।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে দু’পাশে নিয়ে, বিজেপি বিধায়কদের উপস্থিতিতে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেন এই তিন নেতা। ঘাসফুল শিবির ছেড়ে পদ্মশিবিরে আসার পর এই প্রথম তাঁরা একযোগে এত বড় আইনি ও রাজনৈতিক পদক্ষেপ নিলেন।

সংখ্যাতত্ত্বের অঙ্কে কুপোকাত ঘাসফুল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের হাতছানি!

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভার বর্তমান সংখ্যাতত্ত্বের যে সমীকরণ রয়েছে, তাতে এই তিনটি আসনে কোনও প্রার্থী দাঁড় করানোর মতো ক্ষমতা বা প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা বিরোধী দল তৃণমূল কংগ্রেসের কাছে নেই। ফলে সম্পূর্ণ ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে পদ্মশিবিরের সামনে। কোনও রকম ভোটাভুটি বা লড়াই ছাড়াই পদ্মপ্রতীকে এই তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের রাজ্যসভার সাংসদ হতে চলেছেন, যা শুধু সময়ের অপেক্ষা। বিকেলে দলবদল করে সন্ধ্যায় টিকিট পাওয়ার যে রেকর্ড তাঁরা তৈরি করেছিলেন, মনোনয়ন জমা দেওয়ার মাধ্যমে তার আনুষ্ঠানিক সিলমোহর পড়ে গেল আজ।

Related Articles