রাজ্যের খবর

হাসপাতালে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! পুলিশের জালে হেভিওয়েট তৃণমূল নেতা

রবিবার তাঁকে গ্রেপ্তার করে বাঁকুড়া জেলা আদালতে পেশ করেছে ওন্দা থানার পুলিশ

Truth of Bengal: হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। ধৃতের নাম ডাইজান আলি মণ্ডল। তিনি বাঁকুড়ার চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমানে ওন্দা পঞ্চায়েত সমিতির সদস্য। রবিবার তাঁকে গ্রেপ্তার করে বাঁকুড়া জেলা আদালতে পেশ করেছে ওন্দা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে ডাইজান আলি মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, চাকরির আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হলেও দীর্ঘদিন কেটে যাওয়ার পরও কোনও নিয়োগ হয়নি।

প্রতারিতদের আরও অভিযোগ, চাকরি না মেলায় তাঁরা টাকা ফেরত চাইলে বারবার নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান অভিযুক্ত। এরপরই কয়েকজন চাকরিপ্রার্থী ওন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে প্রাথমিক তথ্যপ্রমাণ হাতে পাওয়ার পর রবিবার ডাইজান আলি মণ্ডলকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কি না, টাকা লেনদেনের পরিমাণ কত এবং আরও কতজন প্রতারিত হয়েছেন—তা খতিয়ে দেখছে পুলিশ।

চাকরির নামে প্রতারণার অভিযোগে শাসকদলের নেতার গ্রেপ্তারি ঘিরে বাঁকুড়ার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

Related Articles