কলকাতা

খাস কলকাতায় সিআইডি অফিসার সেজে ব্যবসায়ীকে অপহরণ! টাকা-সোনার চেন লুঠের অভিযোগ

আক্রান্ত ব্যবসায়ী আমদানি-রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত

Truth of Bengal: সিআইডি অফিসার পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে ডাকাতির অভিযোগে চাঞ্চল্য ছড়াল পূর্ব কলকাতায়। অভিযোগ, অস্ত্র দেখিয়ে এক আমদানি-রপ্তানি ব্যবসায়ীকে কালো স্করপিও গাড়িতে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। চলন্ত গাড়িতেই তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না পেয়ে নগদ টাকা ও সোনার চেন লুট করে তাঁকে রাস্তার ধারে ফেলে পালায় অভিযুক্তরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যবসায়ী উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা। তিনি আমদানি-রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত। ফুলবাগানের একটি শপিং মলে দুই সঙ্গীকে নিয়ে এসেছিলেন তিনি। সেখানে অন্য এক ব্যবসায়ীর সঙ্গে বৈঠকও করেন। বৈঠক শেষে মল থেকে বেরোতেই কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি আধিকারিক বলে পরিচয় দেয়।

অভিযোগ, তল্লাশির নাম করে ওই ব্যবসায়ীকে জোর করে একটি কালো রঙের স্করপিও গাড়িতে তুলে নেওয়া হয়। তাঁকে বাঁচাতে গেলে তাঁর দুই সঙ্গীকেও মারধর করা হয় বলে দাবি। এরপর চলন্ত গাড়িতে ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ব্যবসায়ী ওই বিপুল টাকা দিতে না পারায় তাঁকে গাড়ির ভিতরেই বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর তাঁর কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা এবং প্রায় তিন লক্ষ টাকার সোনার চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এদিকে ব্যবসায়ীর সঙ্গীরা পুলিশে খবর দিয়েছেন জানতে পেরে আতঙ্কিত হয়ে পড়ে অপহরণকারীরা।

এরপর উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের কাছে ব্যবসায়ীকে চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। গুরুতর আতঙ্কগ্রস্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই অপহরণ ও ডাকাতির ঘটনায় যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। ফুলবাগানের শপিং মলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। সিআইডি অফিসার সেজে এমন দুঃসাহসিক অপহরণ ও ডাকাতির ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।