‘ঘরের মেয়ে’র গড়ে এবার ‘দাদা’র রাজত্ব! জিততেই ভবানীপুরবাসীকে দেওয়া কথা রাখলেন শুভেন্দু
একসময় যে কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা হিসেবে পরিচিত ছিল, সেখানে এখন দায়িত্ব শুভেন্দু অধিকারীর কাঁধে
Truth of Bengal: ভোটের আগে ভবানীপুরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছিলেন, নির্বাচনে জয়ী হলে এলাকার মানুষের পরিষেবার জন্য ভবানীপুরে দলের নতুন কার্যালয় খোলা হবে। জয়ের প্রায় দেড় মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করলেন তিনি। শুক্রবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে ভবানীপুরে নতুন পার্টি অফিসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কার্যালয় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন দলের কর্মী-সমর্থকরা। তাঁদের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, ভবানীপুরের মানুষ এখানে নিয়মিত আসতে পারবেন এবং প্রয়োজনীয় পরিষেবা পাবেন। তাঁর কথায়, এই অফিস শুধু দলীয় কাজের কেন্দ্র নয়, সাধারণ মানুষের সমস্যা শোনা এবং সমাধানের জায়গা হিসেবেও কাজ করবে।
দীর্ঘদিন ধরে ভবানীপুর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গড়। ‘ঘরের মেয়ে’ পরিচয়ে এই কেন্দ্র থেকে একাধিকবার জয়ী হয়েছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে পরাজয়ের পর ভবানীপুর উপনির্বাচনে জিতে বিধানসভায় ফিরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ভবানীপুর মানেই তৃণমূলের শক্ত ঘাঁটি—রাজনৈতিক মহলে এমন ধারণাই দীর্ঘদিন ধরে ছিল। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সেই সমীকরণ বদলে যায়। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৪ মে ভোটের ফলপ্রকাশের দিন কড়া লড়াইয়ের পর দেখা যায়, ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই ফলের পর থেকেই ভবানীপুরের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আসে।
একসময় যে কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা হিসেবে পরিচিত ছিল, সেখানে এখন দায়িত্ব শুভেন্দু অধিকারীর কাঁধে। ভবানীপুরবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে এবং তাঁদের প্রয়োজনীয় পরিষেবা দিতে তাই নতুন কার্যালয় চালু করলেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই অফিসের মাধ্যমে ভবানীপুরে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে চাইছে বিজেপি।




