অলকা ইয়াগনিক কি গুরুতর অসুস্থ? পদ্ম-পুরস্কারের ভিডিও ভাইরাল হতেই মুখ খুললেন গায়িকা
রাষ্ট্রপতি ভবনে মোদীর পা ছুঁয়েই টলে গেলেন অলকা! নিরাপত্তারক্ষীরা ধরে নিয়ে যেতেই মনখারাপ অনুরাগীদের
Truth of Bengal: বলিউডের মেলোডি কুইন অলকা ইয়াগনিককে সোমবার রাষ্ট্রপতি ভবনে মর্যাদাপূর্ণ ‘পদ্মভূষণ’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। কিন্তু এই গর্বের মুহূর্তে গায়িকাকে দেখে আনন্দের বদলে চরম দুশ্চিন্তায় ডুবে গিয়েছেন তাঁর কোটি কোটি অনুরাগী। পুরস্কার মঞ্চে অলকার হাঁটাচলা এবং তাঁর শারীরিক অবয়বের একটি ভিডিও সামাজিক মাধ্যমে নিমেষে ভাইরাল হতেই নেটপাড়ায় গায়িকার স্বাস্থ্য নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। অবশেষে ভক্তদের সেই উদ্বেগের অবসান ঘটিয়ে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে নিজেই মুখ খুললেন নয়ের দশকের এই আইকনিক গায়িকা।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, পদ্মভূষণ প্রাপক হিসেবে অলকার নাম ঘোষণা হতেই তিনি অত্যন্ত ধীর গতিতে আসন ছেড়ে মঞ্চের দিকে এগিয়ে যান। মঞ্চে উঠে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা ছুঁয়ে প্রণাম করেন এবং রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ করেন। কিন্তু বিপত্তি ঘটে এর পরেই। মঞ্চ থেকে নামার সময় দেখা যায়, অলকা সোজা হয়ে হাঁটতে পারছেন না এবং নিরাপত্তারক্ষীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে তাঁকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন। এই দৃশ্য দেখেই ভক্তরা প্রশ্ন তুলতে শুরু করেন, “অলকা কি পুরোপুরি সুস্থ?” অনেকেই তাঁর শ্রবণশক্তির গুরুতর স্নায়বিক সমস্যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।
“খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি”, আবেগঘন পোস্ট অলকার
পুরস্কার গ্রহণের পর অলকা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, “প্রায় দু’বছর হল আমি সেভাবে জনসমক্ষে আসিনি। এই মারাত্মক স্বাস্থ্যজনিত সমস্যার কারণে নিজেকে চার দেওয়ালের আড়ালে রেখেছিলাম এবং নিজের ব্যক্তিগত লড়াইটা নিয়ে বেশি চর্চা করতে চাইনি। আপনারা সকলেই জানেন, আমি খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।”
বিমানের সেই অভিশপ্ত ঘটনা, এখনও পুরোপুরি বন্ধ গান!
গায়িকা তাঁর পোস্টে আরও জানান, এই দীর্ঘ দুই বছরের লড়াইয়ে অনুরাগীদের ভালবাসা, প্রার্থনা ও শুভেচ্ছাবার্তাই তাঁকে প্রতিটা দিন বেঁচে থাকার এবং লড়াই করার শক্তি জুগিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে অলকা নিজেই জানিয়েছিলেন যে, একবার বিমান থেকে নামার সময় আচমকাই তাঁর কান স্তব্ধ হয়ে যায়। চিকিৎসকেরা জানান, তিনি ‘রেয়ার সেন্সরিনিউরাল হিয়ারিং লস’ (Rare Sensorineural Hearing Loss) বা স্নায়বিক কারণে শ্রবণশক্তি হারানোর সমস্যায় ভুগছেন। এই রোগের কারণে দীর্ঘদিন ধরে নতুন গানে কণ্ঠ দিতে পারছেন না তিনি। শেষবার ইমতিয়াজ আলির ‘চমকিলা’ ছবিতে তাঁর জাদু ছড়িয়েছিলেন অলকা। গায়িকার কথায়, “সম্মান পেয়ে আমি ধন্য, তবে সুস্থ হয়ে ফেরার পথটা এখনও অনেক দীর্ঘ।”



